২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে নিষেধাজ্ঞা রাখবে যুক্তরাষ্ট্রের বহু রাজ্য

পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে উপনীত হওয়ার পথে অনেকটাই এগিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। কিন্তু এ চুক্তি পাকাপোক্ত হোক বা না হোক, যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যই ইরানের ওপর নিজ নিজ নিষেধাজ্ঞা বহাল রাখবে বলেই মনে করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Apr 2015, 10:05 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

আর তাহলে দীর্ঘদিন ধরে বৈরী দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ আরো জটিল হয়ে উঠবে।

ইরানের সঙ্গে ব্যবসায় নিয়োজিত কোম্পানিগুলোর ওপর শাস্তিমূলক পদক্ষেপ হিসাবে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের ২৬টি অঙ্গরাজ্য।

ওই রাজ্যগুলোর অর্ধেকেরও বেশি রাজ্য কেবল কয়েকটি শর্তেই এ নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। যেমন: ইরান যদি আর কখনো সন্ত্রাসে মদদ না দেয়ার অঙ্গীকার করে এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার যদি ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু চুক্তি পাকা হলেও এ ধরনের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সম্প্রতিক খসড়া চুক্তির পরও যুক্তরাষ্ট্রের কানসাস ও মিসিসিপি রাজ্য সরকার এরই মধ্যে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বলে জানানো হয়েছে খবরে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের ঐতিহাসিক চুক্তিতে পৌঁছার এ সময়ে রাজ্য পর্যায়ে ইরানের বিরুদ্ধে নেয়া এমন কঠোর পদক্ষেপ এবং নতুন আরো নিষেধাজ্ঞা দেশটির গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে বিভেদ আরো বাড়িয়ে দিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

রাজ্যসরকারগুলো প্রায় সময়ই কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে ববস্থা নিলেও অনেক সময় রাজ্য সরকারের নেয়া ব্যবস্থা কেন্দ্রীয় নীতিমালার তুলনায় অনেক কঠোর হয়ে যায়।

ফ্লোরিডা রাজ্যের সিনেটর ডন গেটজ বলেন, “ইরানে বিনিয়োগের বিষয়ে আমাদের নিষেধাজ্ঞা রয়েছে। প্রেসিডেন্ট ওবামা ইরানের সঙ্গে যে চুক্তি করার চেষ্টা করছেন তার সঙ্গে এর কোন সম্পর্ক নেই।”

গেটজের উদ্যোগেই ২০০৭ সালে ইরানের জ্বালানি খাতে ফ্লোরিডার একটি কোম্পানির বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি আইন পাশ হয়।

গেটজ বলেন, “চুক্তির শর্ত পূরণ করতে হলে ইরানকে তাদের আচরণ রাতারাতি পাল্টে ফেলতে হবে। ইরানিদের সম্পর্কে মতামতের জন্য আমাদের প্রেসিডেন্ট ওবামা বা অন্য কোন প্রেসিডেন্টের দেখানো পথে চলার কোন প্রয়োজন আমরা দেখছি না।”

এপ্রিলের শুরুতে সুইজারল্যান্ডের লুসানে ম্যারাথন আলোচনার পর ইরান ও বিশ্বের ছয় শক্তিধর দেশ একটি খসড়া পরমাণু চুক্তিতে উপনীত হয়েছে। ৩০ জুনের মধ্যে এ চুক্তি পাকা করতে হবে।

চুক্তি পাকা হলে খুব সম্ভবত যুক্তরাষ্ট্র ইরানের অন্যান্য দেশে অশোধিত তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। সেইসঙ্গে দেশটির ওপর আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞাও শিথিল হবে।

ইরান তাদের মানবাধিকার পরিস্থিতি ও সন্ত্রাস দমনে কি ধরনের ব্যবস্থার গ্রহণ করছে তার ওপরও নির্ভর করবে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি।

রয়টার্সের পক্ষ থেকে অন্তত ১২ টি রাজ্যের কৌঁসুলিদের সঙ্গে যোগাযোগ করা হয়। এর মধ্যে জর্জিয়া, ফ্লোরিডা ও মিশিগানের কৌঁসুলিরা বলেন, কেন্দ্রীয়ভাবে চুক্তি হলেও নিজেদের ইরান নীতিতে কোনো পরিবর্তন আনার ইচ্ছা তাদের নেই।

কেনাটিকাট ও ইলিনয়ের কর্মকর্তারা বলেন, ইরানের সঙ্গে নতুন চুক্তি হলেও তাদের নিজস্ব ইরান নীতিতে পরিবর্তন আনতে স্থানীয়ভাবে নতুন আইন প্রনয়ণ করতে হবে।

নিউ ইয়র্ক ও ওরেগনের কর্মকর্তারা বলেন, যদি নিশ্চিতভাবেই ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি চুক্তি হয় তবে তারা আগে দেখবে সেটি তাদের নিজস্ব কৌশলে কি ধরনের প্রভাব ফেলে। তার ওপর ভিত্তি করেই তারা তাদের আইন পরিবর্তন করবে।