২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের রয়টার্স ব্যুরো চীফকে হত্যার হুমকি

রয়টার্সে একটি প্রতিবেদন প্রকাশ নিয়ে বার্তা সংস্থাটির বাগদাদ ব্যুরো প্রধান নেদ পার্কারকে ফেইসবুকে হত্যার হুমকি দিয়েছে একটি অস্ত্রধারী দল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 09:08 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

এ হুমকি পাওয়ার পর একটি শিয়া আধাসামরিক দল টেলিভিশনে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করায় ইরাক ছেড়েছেন পার্কার।

গত সপ্তাহে ইরাকের তিকরিত শহরে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড ও লুটপাট নিয়ে রয়টার্সে বিস্তারিত খবর প্রকাশ পায়। এ ঘটনার জের ধরেই সাংবাদিক পার্কারকে হত্যার হুমকি দেয়া হয়।

‘হাম্মের’ নামে নিজেদের পরিচয় দেয়া একটি অস্ত্রধারী দল ইরাক থেকে পরিচালিত একটি ফেইসবুক পেজে পার্কারকে হুমকি দেয়া শুরু করে। শিয়া অস্ত্রধারী দলগুলোর সঙ্গে এ দলটির সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের।

ওই ফেইসবুক পেজে ৫ এপ্রিল পোস্ট করা একটি স্ট্যাটাস এবং পরবর্তীতে সেখানে করা বিভিন্ন মন্তব্যে পার্কারকে ইরাক থেকে বের করে দেয়ার দাবি জানানো হয়।

সেখানে একজন মন্তব্য করেন, “দেশ থেকে লাথি মের বের করে দেয়ার বদলে পার্কারকে চুপ করানোর সবচেয়ে ভাল পন্থা হল তাকে হত্যা করা।”   

এর তিনদিন পর ইরান সমর্থিত অস্ত্রধারী দল আসাইব আহল আল-হক নিজস্ব টেলিভিশন চ্যানেল আল-আহলে একটি খবর প্রকাশ করে। খবরের একটি অংশে পার্কার সম্পর্কে বলা হয়।

সেখানে পার্কারের একটি ছবি দেখিয়ে বলা হয়, এ রিপোর্টার এবং রয়টার্স ইরাক এবং সরকার সমর্থিত বাহিনীকে অপমান করছে। সেইসঙ্গে দর্শকদের পার্কারকে বরখাস্ত করার আহ্বান জানানো হয়।

সম্প্রতি ইরাকের সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত অস্ত্রধারী বাহিনী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে তিকরিত শহরের পুনদখল নেয়।

৩ এপ্রিল পার্কার ও তার দুইজন সহকর্মী তিকরিতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তারিত খবর প্রকাশ করেন।

রয়টার্সের দুইজন সাংবাদিক স্বচক্ষে ইরাকের ফেডারেল পুলিশকে আইএস এর একজন যোদ্ধাকে হত্যা করতে দেখেন।

ওই খবরে তিকরিতে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের কথাও বলা হয়। স্থানীয় রাজনীতিবিদরা এজন্য ইরান সমর্থিত দলটিকে দায়ী করেন।

রয়টার্সের মুখপাত্র জানান, বার্তা সংস্থাটি তাদের খবরের সত্যতা ও নিরপেক্ষতা যাচাই করে তবেই সেটা প্রকাশ করে। রয়টার্স কর্তৃপক্ষের অনুরোধের ভিত্তিতে ফিইসবুক কর্তৃপক্ষ হুমকি দেয়া পোস্টগুলো সরিয়ে নিয়েছে বলেও জানান তিনি।