২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউল ক্যাস্ত্রোর সঙ্গে বৈঠক করেছেন ওবামা

কয়েক দশকের শত্রুতা পেছনে ফেলার প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো বৈঠক করেছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Apr 2015, 11:52 AM

Updated : 25 Apr 2022, 01:14 PM

শনিবার পানামায় অনুষ্ঠিত আমেরিকার শীর্ষ বৈঠকের বিরতিতে এ দুনেতা মিলিত হন। 
 
এ বৈঠকের মধ্যদিয়ে প্রায় ৬০ বছর পর যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে দুনেতা দুদেশের সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে একমত হন।
 
বৈঠকটিকে “ঐতিহাসিক” অভিহিত করে ওবামা বলেছেন, শীতল যুদ্ধকালীন শত্রুতার যবনিকা টানতে পারে দেশ দুটি। তবে কমিউনিস্ট শাসিত দেশটিকে গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে সব সময় চাপ প্রয়োগ করে যাবেন বলেও উল্লেখ করেছেন। 
 
বৈঠকে ওবামা রাউলকে বলেছেন, “আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথে রয়েছি।” 
 
বিপরীতে ওয়াশিংটনের সঙ্গে হাভানার সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন রাউল। মানবাধিকার ও অন্যান্য ইস্যুতেও আলোচনার দ্বার উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। 
  
বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ওবামা দুদেশের মধ্যে এখনও বিস্তর ব্যবধান থাকার কথা স্বীকার করেছেন। 
 
তিনি বলেছেন, “সমাজ কীভাবে গঠিত হওয়া উচিত সে বিষয়ে আমাদের খুব আলাদা ধরনের দৃষ্টিভঙ্গী রয়েছে, কিন্তু আমি তাকে সরাসরি বলেছি, আমরা গণতন্ত্র, মানবাধিকার, সমাবেশ করার স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার মতো বিষয়গুলো নিয়ে কথা বলা বন্ধ করবো না।” 
 
অপরদিকে রাউল বলেছেন, “আমরা সবকিছু নিয়ে আলোচনা করতে রাজী আছি, তবে আমাদের ধৈর্য্য ধরতে হবে, অনেক ধৈর্য্য ধরতে হবে। কিছু বিষয়ে আমরা একমত হতে পারি, অন্যান বিষয়ে দ্বিমত হতে পারে।”

ডিসেম্বরে প্রথমবারের মতো টেলিফোন আলাপে এই দুই নেতা দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে একমত হন। আলাপে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার বিষয়টিও ছিল। 
 
১৯৫৬ সালে শেষবার কিউবার শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতার বৈঠক হয়েছিল। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ার ও কি্উবার তৎকালীন মার্কিনপন্থি একনায়ক ফুলহেন্সিও বাতিস্তার মধ্যে ওই বৈঠকটি হয়েছিল। ওই বৈঠকটিও পানামায় অনুষ্ঠিত হয়েছিল।

১৯৫৯ সালের ১ জানুয়ারি ক্যাস্ত্রো ভাইদের নেতৃত্বে বিপ্লবে ক্ষমতা হারান বাতিস্তা। এর পরপরই যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সম্পর্ক নাজুক হয়ে পড়ে। কিউবার নতুন নেতা ফিদেল ক্যাস্ত্রো যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিদ্বন্দ্বী বিশ্বশক্তি সোভিয়েত ইউনিয়নের মিত্র হয়ে উঠলে দুদেশের সম্পর্ক আরো নাজুক হয়ে পড়ে। 
 
এসবের জের ধরে ১৯৬১ সালে কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল যুক্তরাষ্ট্র।