২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাও সেতুংকে অবমাননার অভিযোগ 

আধুনিক চীনের জনক মাও সেতুংকে হেয় করেছেন চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি’র এক উপস্থাপক। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিষয়টি প্রকাশ পেয়েছে। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Apr 2015, 03:47 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

বুধবার এ ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে সিসিটিভি কর্তৃপক্ষ। 
 
ওই দিন রাতে সিসিটিভি’র ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “উপস্থাপক বি ফুজিয়ানের মন্তব্য সমাজে গুরুতর প্রতিক্রিয়া তৈরি করেছে।” 
 
বিবৃতিতে আরো বলা হয়েছে, “সতর্ক তদন্তের মাধ্যমে এবং বিধি মোতবেক এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবো আমরা।” তবে বিস্তারিত আর কিছু বলা হয়নি। 
 
১৯৭৬ সালে মারা যাওয়ার পর থেকে মাও’কে নিয়ে চীনে বিতর্ক চলে আসছে। তারপরও চীনের ব্যাংক নোটগুলো মাওয়ের ছবি দিয়ে অলংকৃত। বেইজিংয়ে তার সংরক্ষণ করা মৃতদেহ দেখতে প্রতিদিন শত শত লোক জড়ো হয়। 
 
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি মাও ভুল করেছিলেন বলে স্বীকার করলেও, তার সাংস্কৃতিক বিপ্লবের বিশৃঙ্খলা নিয়ে দলটি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। 
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, সাংস্কৃতিক বিপ্লবের সময়কার একটি অপেরার আংশিক গাইছেন বি ফুজিয়ান। এক পর্যায়ে তিনি এতে নিজের মন্তব্য জুড়ে দেন। এতে তিনি বলেন, মাও জনগণকে শোচনীয় পরিস্থিতির দিকে নিয়ে গেছেন। 
 
১৯৫৮ থেকে ৬১ সাল পর্যন্ত চলা সাংস্কৃতিক বিপ্লবকালে দুর্ভিক্ষে চীনের লাখ লাখ মানুষ মারা যান। 
 
চীনের কমিউনিস্ট পার্টির কট্টরপন্থিদের মধ্যে মাও এখনও অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে বিরাজমান। তিনদশকের বাজারভিত্তিক সংস্কার দেশকে তাদের স্বপ্ন থেকে অনেক দূরে নিয়ে এসেছে বলে মনে করেন তারা। 
 
এ ব্যবস্থায় ধনী-দরিদ্র ব্যবধান বাড়ার মাধ্যমে সামাজিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে এবং দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছে বলে মনে করেন তারা।  
 
এ বিষয়ে বি’র সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
 
৫৬ বছর বয়সী বি সিসিটিভি’তে একটি ট্যালেন্ট শো সঞ্চালনা করেন বলে জানিয়েছে কমিউনিস্ট পার্টির দাপ্তরিক সংবাদপত্র পিপলস ডেইলি। এছাড়া ২০১১ সাল থেকে তিনি চীনা নববর্ষের বিশেষ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করছেন বলে জানিয়েছে দৈনিকটি।