২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্স অ্যান্ড্রুর অভিযোগকারীর আবেদন খারিজ

অপ্রাপ্ত বয়সে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যৌন মিলনে বাধ্য করা হয়েছে বলে অভিযোগকারী এক নারী চলমান একটি মামলায় অংশ নিতে পারবেন না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Apr 2015, 01:22 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

মঙ্গলবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের ফেডারেল বিচারক কেনেথ মারা এই রুল জারি করেন।

ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুসহ যুক্তরাষ্ট্রের প্রখ্যাত আইনজীবী অ্যালান ডেরশোয়িৎজ ও অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যৌনমিলনে বাধ্য করা হয়েছিল বলে আদালতের নথিপত্রে এমন অভিযোগ রয়েছে ওই নারীর।

তবে যে মামলার বিষয়ে আদালত ওই নারীর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে সেটি ২০০৮ সালে দায়ের করা হয়েছিল।

যৌন অপরাধের অভিযোগ ওঠা জেফরি এপস্টেইনের সঙ্গে সরকারি তদন্তকারী আইনজীবীদের মামলা না করার একটি চুক্তি নিস্ফল করতে এই মামলাটি নথিবদ্ধ করা হয়।

এই মামলায় আদালতের নথিপত্রে জেন ডো নাম্বার-১ ও জেন ডো নাম্বার-২ হিসেবে উল্লেখিত দুই নারী অভিযোগ করেছেন, এপস্টেইনের সঙ্গে চুক্তি করে অপরাধের বিচার পাওয়ার ক্ষেত্রে তাদের অধিকার হরণ করেছেন সরকারি তদন্তকারী আইনজীবীরা।

এই মামলার তদন্তকালেই জেন ডো নাম্বার-৩ এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগে বলেছিলেন, অপ্রাপ্ত বয়সে প্রিন্স এন্ড্রু ও ডেরশোয়িৎজ’র সঙ্গে তাকে যৌনমিলনে বাধ্য করেছিলেন এপস্টেইন।

জেন ডো নাম্বার-৩ ও ডেন ডো নাম্বার-৪ হিসেবে উল্লেখিত অপর এক নারীর চলমান এই মামলার বিচারকাজে যোগ দেয়ার কোনো প্রয়োজন নেই বলে রুল দিয়েছেন বিচারক মারা।

নিউ ইয়র্কের অর্থ লগ্নিকারক এপস্টেইন, পতিতাবৃত্তির জন্য অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ব্যবহার করার জন্য দোষী সব্যস্ত হয়েছেন। ২০০৮ সালে ফ্লোরিডা রাজ্য আদালত তাকে দোষী সাব্যস্ত করে। এই অপরাধে তিনি এক বছর কারাভোগ করেন।

তবে রাজ্য আদালতের বাইরে এপস্টেইনের বিরুদ্ধে আলাদাভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

পরবর্তী শুনানিতে চলমান মামলার বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে বলে রুলে জানিয়েছেন বিচারক মারা; বলেছেন, তিনি জেন ডো নাম্বার-৩ ও ৪’র সাক্ষ্য খতিয়ে দেখছেন।

প্রিন্স অ্যান্ড্রু ও ডেরশোয়িৎজ তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনমাস ধরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েডগুলো এসব অভিজাত ব্যক্তিদের

বিরুদ্ধে ওঠা যৌন কেলেঙ্কারির অভিযোগ নিয়ে সরগরম অবস্থায় রয়েছে।

এপস্টেইনের এক আইনজীবী এসব অভিযোগকে পুরনো ও মানহানিকর বলে বর্ণনা করেছেন।