আফগান জিম্মির শিরশ্ছেদের ভিডিও প্রকাশ
আফগানিস্তানে ফেব্রুয়ারিতে একটি বাস থেকে ৩১ জনকে অপরহণ করে নিয়ে যাওয়া জঙ্গিরা সম্প্রতি ওই জিম্মিদের একজনের শিরচ্ছেদের ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা দুই বন্দুকধারী তাদের সামনে হাঁটুগেড়ে বসে থাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছে।
ওই ব্যক্তিকে হত্যার পর বন্দুকধারীরা বলে, যদি আফগান সরকার তাদের দাবি না মানে তবে অন্য জিম্মিদেরও হত্যা করা হবে।
যদিও তাদের দাবি ঠিক কি তা সুনির্দিষ্ট করে জানা যায়নি। স্থানীয় সংবাদমধ্যমগুলোর খবরে বলা হয়, জঙ্গিরা তাদের সঙ্গীদের আফগান জেল থেকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে।
জঙ্গিরা নিজেদের উজবেকিস্তানের ইসলামপন্থি দল হিসেবে পরিচয় দিয়েছে এবং তালেবানদেরকে নিজেদের মিত্র বলেছে।
ইরান থেকে কাবুলে যাওয়ার পথে অপরহণ করা হয়েছিল ওই ৩১ জনকে, যাদের অধিকাংশই সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মানুষ।
এর আগে গুঞ্জন রটেছিল, ওই ব্যক্তিদের ইসলামিক স্টেট জঙ্গিরা অপহরণ করেছে।
১৯৯০ সালের শেষ দিকে ‘ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান’ (আইএমইউ) নামের জঙ্গি সংগঠনটির জন্ম হয়। ২০১৪ সালের জুনে করাচি বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে আইএমইউ।
এই প্রথম আইএমইউ তাদের কোন জিম্মির শিরচ্ছ্বেদের ভিডিও প্রকাশ করল বলে জানায় বিবিসি।
ভিডিওতে দেখা যায়, বন্দুকধারীরা ওই জিম্মিকে তার পেশা সম্পর্কে জিজ্ঞাসা করছে। জবাবে জিম্মি বলছে, সৈনিক।
তালেবানদের মতো এই জঙ্গি সংগঠনটিরও শক্ত ঘাঁটি ছিল পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান।
কিন্তু করাচি বিমানবন্দরে হামলার পর ওই এলাকায় ব্যাপক সামরিক অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। ফলে অন্যান্য জঙ্গি সংগঠনের মতো আইএমইউ’র সদস্যরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
