‘শাড়ি পরায় বউ ইভটিজিং এর শিকার হয়নি’
সবসময় শাড়ি পরার কারণে বউকে কখনো ইভটিজিংয়ের শিকার হতে হয়নি বলে দাবি করেছেন ভারতের গোয়ার কারখানা ও বয়লার মন্ত্রী দীপক ধাবালিকার।
‘পশ্চিমা সংস্কৃতির প্রবেশের কারণে ভারতে ধর্ষণের ঘটনা বেড়েছে’- স্ত্রীর এই মন্তব্যের সঙ্গেও একমত প্রকাশ করেন ধাবালিকার।
হিন্দু জনজাগরুতি সমিতির আয়োজনে রোববার এক অনুষ্ঠানে ধাবালিকারের স্ত্রী লতা ধাবালিকার বলেন, “ধর্ষণের ঘটনা অনেক বেড়ে গেছে। নারীরা এখন পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করছে এবং প্রধানত এ কারণেই ধর্ষণ বেড়ে গেছে।”
স্ত্রীর এ মন্তব্যের পর সোমবার সারাদিন সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় ধাবালিকারকে।
জবাবে মন্ত্রী বলেন, “অতীতে ধর্ষণের ঘটনা অনেক কম ঘটত। কারণ, তখন পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ ছিল না। নারীরা তখন হিন্দু ধর্মের অনুশাসন মেনে চলত। কিন্তু এখন পশ্চিমা সংস্কৃতির অনুকরণে জীবন যাপন করায় ধর্ষণের মত ঘটনা বাড়ছে।”
“সে (লতা) সারা জীবন শাড়ি ও কুমকুম পরেছে। সে কখনো ইভটিজিংয়ের শিকার হয়নি। অবশ্যই সে এটাই জনগণকে বোঝাতে চেয়েছিল।”
গত বছর এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার দাবি জানিয়েছিলেন ধাবালিকার।
