গারিসা হামলায় কেনিয়ায় শোক
গারিসা বিশ্ববিদ্যালয়ে জঙ্গি সংগঠন আল-শাবাবের ভয়াবহ হামলায় নিহতদের স্মরণে তিনদিনের শোক পালন করছে কেনিয়া।
বৃহস্পতিবারের ওই হামলায় ১৪৮ জন প্রাণ হারায়। এছাড়া হামলাকারী চার বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজন গ্রেপ্তার হয়েছে।
কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তি ‘সম্ভাব্য সবচেয়ে কঠিন ভাবে’ এ হামলার জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন।
কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলকারীদের একজনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে। সে একজন সরকারি কর্মকর্তার ছেলে। তার নাম আবদিরাহিম আব্দুল্লাহি। তার বাবা উত্তর-পূর্বাঞ্চলের মানদেরা কাউন্টির স্থানীয় প্রধানদের একজন।
মন্ত্রণালয়ের মুখপাত্র মিওয়েনদা নিজকা বলেন, “বাড়ি থেকে ছেলে নিখোঁজ হওয়ার খবর নিরাপত্তা প্রতিনিধিদের জানিয়েছিলেন বাবা। গারিসা বিশ্ববিদ্যালয়ে যখন সন্ত্রাসী হামলা হয় তখন ওইব্যক্তি ছেলেকে খুঁজে বের করতে পুলিশকে সাহায্য করেন।”
আব্দুল্লাহি রাজধানী নাইরোবিতে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। রেডক্রস জানায়, মৃতদেহগুলো রাজধানীর একটি মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত স্বজনরা ৫৪টিমৃতদেহের পরিচয় সনাক্ত করেছে।
এ ঘটনায় ছয়শ’র বেশি শিক্ষার্থী ও ৫০ জনের মত কর্মচারী প্রাণে বেঁচে গেছে। তাদের বাসে করে নিজ নিজ শহরে পাঠানো হচ্ছে।
কেনিয়ার জনগণ রাস্তায় নেমে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। দেশটির খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
পোপ ফ্রান্সিস তার ‘ইস্টার সানডে’র বার্তায় এ হামলার শিকার ব্যক্তিদের জন্য প্রার্থণা করার আহ্বান জানিয়েছেন।
