২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানউয়িংস যাত্রীদের লাশের খোঁজে তল্লাশি বন্ধ 

আল্পস পর্বতে বিধ্বস্ত জার্মানউয়িংসের যাত্রীবাহী বিমানের নিহত যাত্রীদের লাশের খোঁজে চালানো তল্লাশি অভিযান শেষ করেছে ফরাসি তদন্তকারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Apr 2015, 03:59 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

শনিবার এ খবর জানিয়েছেন ফ্রান্সের আল্পস-দ্য-হুতে প্রদেশের স্থানীয় এক কর্মকর্তা।  
 
গত মাসের ওই বিধ্বস্তের ঘটনায় বিমানটির ১৫০ জন যাত্রীর সবাই নিহত হন। 
 
তদন্তকারীদের বিশ্বাস, স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফে যাওয়ার পথে বিমানটির জার্মান সহকারী পাইলট আন্দ্রিয়াস লুবিৎজ ইচ্ছৃকতভাবে বিমানটিকে পর্বতের ধারে নিয়ে গিয়ে বিধ্বস্ত করেছিলেন। তিনি এমন জায়গায় বিমানটিকে নিয়ে গেছেন, যেখানে উদ্ধার কাজ চালানো অনেক কঠিন। 
 
প্রাদেশিক সরকারের এক মুখপাত্র বলেছেন, “লাশের খোঁজে তল্লাশি শেষ হয়েছে, তবে নিহতদের ব্যক্তিগত জিনিসপত্রের খোঁজে তল্লাশি এখনও চলছে।” 
 
“বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেয়ার জন্য লুফথানসা একটি অভিজ্ঞ কোম্পানিকে ভাড়া করেছে, এরা ফরাসি সরকারি তদন্তকারী ও অভিযানের পরিবেশগত নজরদারীর দায়িত্বে থাকা কর্মকর্তার অধীনে কাজ করবে।”
 
লুফথানসা হল সস্তা বিমান পরিবহন সংস্থা জার্মানউয়িংসের মূল কোম্পানি।  
 
এখন থেকে ঘটনাস্থলে পাওয়া ১৫০ সেট ডিএনএ নমুনা ধরে নিহত যাত্রীদের পরিচয় নিশ্চিত করার কাজ চলবে। এতে কয়েক সপ্তাহ লেগে যাবে। 
 
ফরাসি তদন্তকারী আইনজীবী জানিয়েছেন, ডিএনএ সেটের নাম্বার দিয়ে নিহত সব যাত্রীদের খোঁজ পাওয়া গেছে বলে ধারণা করলে তা ভুলও হতে পারে। 
 
ডিএনএ সেট কোনো নিহত যাত্রীদের সঙ্গে মিলে গেলে সঙ্গে সঙ্গে ওই নিহত যাত্রীর পরিবারকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।