ইউক্রেইনে মাইন বিস্ফোরণে ৪ বাসযাত্রী নিহত
পূর্ব ইউক্রেইনে ভূমিমাইনের আঘাতে একটি যাত্রীবাহী বাসের চারজন নিহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দোনেস্ক অঞ্চলে সরকার নিয়ন্ত্রিত শহর আর্টেমিভাস্কের একটি তল্লাশি চোকির বাইপাস সড়ক দিয়ে বাসটি যাওয়ার চেষ্টা করলে এই ঘটনা ঘটে।
বাসটি আর্টেমিভাস্ক থেকে রাশিয়াপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হোরলিভাকের উদ্দেশে যাচ্ছিল।
২০১৪ সালের এপ্রিল থেকে দোনেস্কের লুহানস্ক অঞ্চলের বিশাল এলাকা রাশিয়াপন্থি বিদ্রোহীরা দখল করে রেখেছে।
ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক প্রধান ইয়াচেস্লাভ আবরোস্কিন বলেন, “প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে চালক বাসটিকে তল্লাশি চৌকির পাশ দিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।”
তিনি আরো বলেন, “তিনি একটি মাঠের ওপর দিয়ে চালানোর সময় বাসটির পেছনের চাকা পেতে রাখা মাইনের ওপর উঠে যায়।”
