৭০ জনের গলা কেটে পালালো বোকো হারাম
নাইজেরিয়ার দামাসাক টাউন ছেড়ে পালানোর আগে অন্ততপক্ষে ৭০ জনকে হত্যা করে একটি সেতুর নিচে ফেলে রেখে গেছে বোকো হারাম জঙ্গিরা।
নিহতদের অনেকেরই গলা কাটা অবস্থায় দেখেছেন বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক। এদের মধ্যে অন্ততপক্ষে একজনের শিরশ্ছেদ করা ছিল।
গেল শনিবার শহরটি বোকো হারামের দখলমুক্ত করে নাইজার ও চাদের সেনাবাহিনী।
২০১৪ সালের নভেম্বরে শহরটি দখল করে নিয়েছিল জঙ্গিগোষ্ঠীটি।
শহরটি থেকে বের হওয়ার একটি প্রধান সড়কের কংক্রিট সেতুর নিচে লাশগুলো ফেলে রাখা হয়েছিল। জায়গাটি বোকো হারামের মৃত্যুদণ্ড কার্যকর করার স্থান ছিল বলে ধারণা করা হচ্ছে।
মরুভূমির মতো শুষ্ক বাতাসের কারণে লাশগুলো আংশিকভাবে মমি হয়ে গিয়েছিল। লাশগুলোকে ঘিরে গজিয়ে ওঠা ঘাসের কারণে খুনগুলো বেশ কিছুদিন আগে করা হয়েছে বলে ধারণা করা যাচ্ছিল।
