সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তিউনিসিয়ার
রাজধানী তুনিসের বার্দো মিউজিয়ামে সন্ত্রাসী হামলায় ১৯ জন নিহত হওয়ার পর সন্ত্রাসের বিরুদ্ধে “ক্ষমাহীন” লড়াইযের ঘোষণা দিয়েছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি কাইদ ইসেবসি।
বিবিসি বলছে, বুধবারের ওই হামলার পর তিনি বলেছেন, “তিউনিসিয়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আছে।”
সন্ত্রাসী হামলায় নিহত ১৯ জনের মধ্যে ১৭ জনই বিদেশি পর্যটক। এরা জাপান, ইতালি, কলম্বিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড ও স্পেনের নাগরিক বলে জানিয়েছেন তিউনিসীয় কর্মকর্তারা।
বাকি দুজন তিউনিসীয়। তাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়। এরপর থেকে বন্দুকধারীদের সহযোগীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।
এ হামলার ঘটনায় বিদেশি পর্যটক ও তিউনিসীয় নিয়ে ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
ঘটনার পর জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট ইসেবসি বলেছেন, “এইসব সংখ্যালঘু দানবরা আমাদের ভীত করতে পারবে না। ক্ষমাহীনভাবে এদের মূল উপড়ে ফেলা না পর্যন্ত আমরা এদের প্রতিরোধ করে যাব।”
