২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কয়েক সপ্তাহেই’ নতুন জোট গড়বেন নেতানিয়াহু

ইসরায়েলের জাতীয় নির্বাচনে বিস্ময়কর জয় একরকম নিশ্চিত হয়ে যাওয়ার পর নতুন জোট সরকার গড়ার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 11:58 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

পুরনো খবর:

ইসরায়েলে নির্বাচনে জয় দাবি নেতানিয়াহুর

নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনও ঘোষণা না হলেও বুথ ভেরত ফলে দেখা গেছে, প্রধান বিরোধী দল মধ্য-বামপন্থি জায়নিস্ট ইউনিয়ন থেকে লিকুদ পার্টি পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছে।

ভোট গণনার কাজও প্রায় শেষ। নেতানিয়াহুকে এখনো সরকার গঠনের অনুরোধ জানানো না হলেও তার জয়ই বলে দিচ্ছে যে,  তাকেই প্রথমে সরকার গঠনের সুযোগ দেয়া হবে।

পুননির্বাচিত হলে ফিলিস্তিন রাষ্ট্র মানবেন না বলে আগেই জানিয়েছিলেন নেতানিয়াহু। নেতানিয়াহুর জয়ে এখন ডান-পন্থি জোট সরকার গঠনের জোর সম্ভাবনা দেখা দিয়েছে।

এতে করে নেতানিয়াহু চতুর্থবারের মত দেশটির ক্ষমতায় বসবেন এবং সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হবেন।

সর্বশেষ খবর অনুযায়ী, ইসরায়েলের পার্লামেন্টের মোট ১২০টি আসনের মধ্যে লিকুদ পার্টি ৩০টি আসনে জিতেছে। জায়নিস্ট ইউনিয়ন পেয়েছে ২৪টি আসন।

মঙ্গলবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর নেতানিয়াহু জানিয়েছিলেন, তিনি ইতোমধ্যেই অন্যান্য ডান ও মধ্য-ডানপন্থি দলের নেতাদের সঙ্গে পরবর্তী সরকার গঠনের বিষয়ে কথা বলেছেন।

তেল আবিবে নিজের উৎফুল্ল সমর্থকদের নেতানিয়াহু বলেছেন, মঙ্গলবারের ভোট তাদের লিকুদ পার্টির জন্য “বিশাল জয়” বয়ে এনেছে।

অথচ নির্বাচনী প্রচারণাকালে করা সবগুলো জরিপে লিকুদ পার্টি প্রতিদ্বন্দ্বী দল জায়নিস্ট ইউনিয়ন থেকে পিছিয়ে ছিল।

“সব বিরুদ্ধতাকে পেছনে ফেলে” এ জয় পেয়েছেন বলে দাবি করেছেন নেতানিয়াহু। কোনো সময় নষ্ট না করে সরকার” গঠন করার জন্য তিনি ইসরায়েলের ডানপন্থি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।