ইসরায়েলে নির্বাচনে জয় দাবি নেতানিয়াহুর
ইসরায়েলের জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি জয় জয় দাবি করেছে।
যদিও মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের সর্বশেষ বুথ ফেরত শেষ জরিপে লিকুদ ও বিরোধী মধ্য-বামপন্থি জায়নিস্ট ইউনিয়ন সমান সমান আসন পাচ্ছে বলে আভাস পাওয়া গিয়েছিল।
বিবিসি জানিযেছে, অধিকাংশ ভোট গণনার পর ১২০ আসনের পার্লামেন্ট দ্য নেসেটে লিকুদ ২৯টি আসনে জয় পেতে যাচ্ছে এবং জায়নিস্ট ইউনিয়ন ২৪টি আসনে জয় পেতে যাচ্ছে বলে জানানো হয়েছে।
এটি নিশ্চিত হলে, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলে আবারও ডানপন্থি-জোট সরকার হতে যাচ্ছে।
ভোট গ্রহণ শেষ হওয়ার পর নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই অন্যান্য ডান ও মধ্য-ডানপন্থি দলের নেতাদের সঙ্গে পরবর্তী সরকার গঠনের বিষয়ে কথা বলেছেন।
তেল আবিবে নিজের উৎফুল্ল সমর্থকদের নেতানিয়াহু বলেছেন, মঙ্গলবারের ভোট তাদের লিকুদ পার্টির জন্য “বিশাল জয়” বয়ে এনেছে।
অথচ নির্বাচনী প্রচারণাকালে করা সবগুলো জরিপে লিকুদ পার্টি প্রতিদ্বন্দ্বী দল জায়নিস্ট ইউনিয়ন থেকে পিছিয়ে ছিল।
“কোনো সময় নষ্ট না করেই সরকার” গঠন করার জন্য তিনি ইসরায়েলের ডানপন্থি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নির্বাচন শেষে বুথ ফেরত জরিপ প্রকাশ হওয়ার পরপরই লিকুদ পার্টির কর্মীরা উৎসব শুরু করে দেয়। ফের ডানপন্থি সরকার গঠনের সম্ভাবনাই তাদের আনন্দের কারণ ছিল।
জায়নিস্ট ইউনিয়নের নির্বাচনী ফল ভালো হলেও ইজহাক হারগোজের নেতৃত্বাধীন দলটি সরকার গঠনের জন্য জোট শরিক টানতে পারবে না বলেই বিবেচনা করা হচ্ছে।
অপরদিকে এ বিষয়টি আগেই অনেকদূর গুছিয়ে রেখেছিলেন নেতানিয়াহু।
