২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সীমান্তে বোমাবর্ষণ: মিয়ানমারের দুঃখপ্রকাশ

চীন সীমান্তে গত শুক্রবারের বোমাবর্ষণের চীনা নাগরিক হতাহতের ঘটনার জন্য এই প্রথম দুঃখপ্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে মিয়ানমার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 09:20 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

মিয়ানমারের বিমান বাহিনীর নিক্ষিপ্ত একটি বোমা চীনের ইউনান প্রদেশের সীমান্ত এলাকার একটি আখ খেতে বিস্ফোরিত হলে পাঁচজন চীনা নাগরিক নিহত ও অপর আটজন আহত হয়।

সিনহুয়া জানায়, রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারে মিয়ানমার সরকার ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।

সেইসঙ্গে ঘটনাটির পেছনে আসল কারণ কি ছিল তা খুঁজে বের করতে চীন সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাতে সহায়তা করার কথাও বলেছে।

যৌথভাবে তদন্তের জন্য এরই মধ্যে মিয়ানমারের একটি প্রতিনিধি দল চীনে গেছে।

চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন শুক্রবার রাতে এ ঘটনার কারণ দর্শানোর জন্য মিয়ানমারের রাষ্ট্রদূত থিট লিন ওহনকে ডেকে পাঠান।

লিউ মিয়ানমার কর্তৃপক্ষকে এ ব্যাপারে সঠিক তদন্তের পর তদন্ত প্রতিবেদন চীনা কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন।