গির্জায় হামলার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ
পাকিস্তানের লাহোরে দুইটি গির্জায় বোমা হমলার ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নেমেছে দেশটির সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়।
লাহোর ছাড়াও ফয়সালাবাদ, সারগোদা ও গুজরানওয়ালাতে বিক্ষোভ হয়েছে। কর্তৃপক্ষ জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে।
রোববার লাহোরে দু’টি গির্জায় বোমা হামলায় ১৫ জন নিহত হয়।
ঘটনার পরপরই খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। ওই সময় তারা বোমা হামলায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যার পর মৃতদেহ পুড়িয়ে দেয়।
তেহরিক-ই-তালেবানের শাখা জামাত-উল আহরার বোমা হামলার দায় স্বীকার করেছে।
বিবিসি জানায়, লাহোরের ইউহানাবাদ এলাকায় মূলত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বাস। ওই এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রাপ্তবয়স্ক ও শিশুরা ‘খ্রিস্টানদের হত্যা বন্ধ করুন’ লেখা ব্যানার নিয়ে সেন্ট জোন্স চার্চ ও ক্রাইস্ট চার্চ অভিমুখে যাচ্ছে। এই দুইটি চার্চেই বোমা হামলা হয়।
স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে ইউহানাবাদের জনগণকে রাস্তায় গাড়িতে ঢিল মারতে দেখা গেছে।
সেন্ট জোন্স চার্চের যাজিকা আর্কেন অ্যান্থনি বলেন, “আমরা এখানকার একজন খ্রিস্টান হিসেবে গর্বিত। কিন্তু আমাদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা কিছুতেই আমাদের বোধগম্য হচ্ছে না।”
স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলী খান এ ঘটনাকে ‘সন্ত্রাসীদের অমানবিক কাজ’ বলে বর্ণনা করেছেন।
