২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলি হামলার দায় স্বীকার করেছে আইএস

ইসলামিক স্টেটের (আইএস) প্রতি অনুগত লিবিয়ার জঙ্গিরা দেশটির রাজধানী ত্রিপোলির একটি পুলিশি তল্লাশি চৌকিতে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। 

রয়টার্স

রয়টার্স

Published : 16 Mar 2015, 11:09 AM

Updated : 25 Apr 2022, 01:08 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএস জঙ্গিরা একটি ছবি প্রকাশ করে তা বিস্ফোরণস্থলের বলে দাবি করেছে।  

রোববার ত্রিপোলির শহরতলীতে নিরাপত্তা দপ্তরের পাশে চালানো ওই হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন বলে নিরাপত্তা মুখপাত্র এসাম নাস জানিয়েছেন। 

ওদিকে লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় একটি গাড়িবোমা বিস্ফোরণ হয়েছে। একটি বেসামরিক বাহিনীর শিবিরের সামনে ঘটানো এ বিস্ফোরণে অন্ততপক্ষে একজন নিহত হয়েছেন। 

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে যে বাহিনীর শিবিরের সামনে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে তারা আইএস’র বিরুদ্ধে লড়াইরত। 

১৬৬ ব্রিগেড নামে পরিচিত ওই বেসামরিক বাহিনীর সঙ্গে সির্তেয় আইএসের লড়াই চলছে। শনিবার সির্তের পূর্বদিকের এলাকায় দুপক্ষের মধ্যে লড়াইয়ের সূত্রপাত হয়।  

সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে ইসলামি খিলাফত ঘোষণা করা আইএস, লিবিয়ার অস্থিরতার সুযোগ নিয়ে দেশটিতে প্র্রভাব বিস্তার করার চেষ্টা করছে। 

লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের চার বছর পর দেশটি বৈধতার দাবিদার দুই সরকারের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। দু্ই সরকারের অনুগত বাহিনীগুলোর মধ্যে ক্ষমতার লড়াই চলছে।