২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারকে ‘সমুচিত’ জবাব দেয়ার হুমকি চীনের

চীনের ভূখন্ডে মিয়ানমারের দিক থেকে ফের কোনো হামলা হলে তার “সমুচিত” জবাব দেয়ার হুমকি দিয়েছে চীনা সামরিক বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 02:08 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

মিয়ানমারের বোমাবর্ষণে চার চীনা নাগরিক নিহত হওয়ার পর চীনের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এ হুমকি দিয়েছেন। 

শনিবার রাতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের উপপ্রধান ফ্যান চ্যাংলঙ এর ওই বক্তব্য প্রকাশ পেয়েছে।

চ্যাংলঙ অভিযোগ করে বলেছেন, সম্প্রতি মিয়ানমার বিমান বাহিনীর বিমান “অনেকবার” সীমান্ত লঙ্ঘণ করেছে।

এক জরুরী ফোন কলে তিনি মিয়ানমার সামরিক বাহিনীকে বলেছেন, “মিয়ানমারকে অবশ্যই এই ঘটনার গুরুত্ব বুঝতে হবে, গুরুত্বের সঙ্গে ঘটনাটির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

“হতাহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিতে হবে এবং চীনের কাছে ঘটনার ব্যাখ্যা দিতে হবে।”

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে মিয়ানমারকে অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিজের সশস্ত্র বাহিনীকে নিয়্ন্ত্রণ করতে হবে বলে দাবী করেছেন চ্যাংলঙ। 

“অন্যথায়, চীনা জনগণের জীবন, সম্পদ ও নিরাপত্তা রক্ষায় চীনের সামরিক বাহিনী অবধারিত দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে,” বলেছেন তিনি।

রোববার নিজের বার্ষিক সংবাদ সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, সীমান্তের স্থিতিশীলতা “দৃঢ়তার সঙ্গে রক্ষা করার” দায় ও সামর্থ্য চীন সরকারের রয়েছে। 

মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলের চীনা সীমান্ত সংলগ্ন কোকাং অঞ্চলে চীনা নৃগোষ্ঠির বিদ্রোহীদের বিরুদ্ধে গত মাস থেকে অভিযান শুরু করেছে মিয়ানমার সরকারি বাহিনী।

অভিযান চলাকালে শুক্রবার বিদ্রোহীদের লক্ষ্য করে মিয়ানমার বিমান বাহিনীর নিক্ষিপ্ত একটি বোমা চীনের ইউনান প্রদেশের সীমান্ত এলাকার একটি আখ খেতে বিস্ফোরিত হয়। এতে চার চীনা নাগরিক নিহত ও অপর নয়জন আহত হন।

কিন্তু চীনা ভূখণ্ডে কোনো বোমা ফেলার কথা অস্বীকার করে দায় বিদ্রোহীদের ওপর চাপানোর চেষ্টা করেছে মিয়ানমার। চীনের সঙ্গে মিয়ানমারের “ভুলবুঝাবুঝি” তৈরি করতে বিদ্রোহীরা সচেতনভাবে এ ধরনের কিছু করে থাকতে পারে বলে দাবী করেছে দেশটি।

তবে বিদ্রোহীদের কাছে কোনো বিমান না থাকায় মিয়ানমারের দাবী আমলে নেয়নি চীন। সীমান্ত অঞ্চলের উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

ওই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল দেয়ার জন্য বিমান পাঠিয়েছে চীনা বিমানবাহিনী। নিজেদের আকাশসীমা রক্ষার পদক্ষেপও নিয়েছে তারা। 

বোমা হামলার অভিযোগ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছিল বেইজিং।

কোকং অঞ্চল থেকে চীনা নৃগোষ্ঠির প্রায় লাখখানেক মানুষ পালিয়ে সীমান্ত পাড়ি দিয়ে চীনে আশ্রয় নিয়েছে।

মিয়ানমার অভিযোগ করেছে, চীনা স্বেচ্ছাসেবীরা বিদ্রোহীদের হয়ে লড়াই করছে। চীনা ভূখণ্ড থেকে চালানো “সন্ত্রাসী হামলা” প্রতিরোধ করতে সহযোগীতার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে মিয়ানমার।

অপরদিকে নিজেদের ভূখণ্ড থেকে মিয়ানমারে কোনো হামলা হওয়ার কথা অস্বীকার করেছে চীন।