ইরানে নিষেধাজ্ঞা তুলে নিতে আলোচনায় ৬ বিশ্বশক্তি
ইরানের ওপর থেকে জাতিসংঘ নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবনা নিয়ে আলোচনা শুরু করেছে বিশ্বের শক্তিধর দেশগুলো।
তেহরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি হলে ইরানের ওপর থেকে তুলে নেয়া হতে পারে এ জাতিসংঘ নিষেধাজ্ঞা।
ইরানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং জার্মানি। আগামী সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচির রাশ টেনে ধরা নিয়ে জটিল আলোচনা শুরুর আগে অনুষ্ঠিত হচ্ছে এ বৈঠক।
ইরান নিয়ে জাতিসংঘের আটটি প্রস্তাবনার চারটিতেই রয়েছে নিষেধাজ্ঞা। এর আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পরমাণু সংক্রান্ত অন্যান্য সংবেদনশীল কাজ নিষিদ্ধ, পারমাণবিক প্রযুক্তি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত যে কোন জিনিস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। এমনকি অস্ত্রের ওপরও রয়েছে জাতিসংঘ নিষেধাজ্ঞা। এসব নিষেধাজ্ঞা উঠে যাওয়াটা ইরানের জন্য গুরুত্বপূর্ণ।
ইরান এবং ছয় বিশ্বশক্তি মার্চের শেষ নাগাদ একটি পারমাণবিক চুক্তির রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে এবং ৩০ জুনের মধ্যে পরিপূর্ণ একটি চুক্তি করতে চায় তারা। ইরানের ওপর থেকে ধীরে ধীরে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে দেশটির স্পর্শকাতর পারমাণবিক কর্মসূচি অন্তত ১০ বছরের জন্য বন্ধ রাখা নিয়েই চুক্তিটি করতে চাইছে পশ্চিমা বিশ্ব।
পর্যন্ত ইরানের সঙ্গে বৈঠকে দেশটির ওপর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পৃথক পৃথক নিষেধাজ্ঞার বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে বেশি। ইরান এসব নিষেধাজ্ঞার অবসান চায়। আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে দুপক্ষের অনুষ্ঠেয় বৈঠকেও নিষেধাজ্ঞার এ প্রশ্নটিতে কোনো সুরাহা হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
এ পরিস্থিতিতেই পশ্চিমা কর্মকর্তারা পরমাণু কর্মসূচির ওপর থেকে জাতিসংঘ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি নিয়ে আলোচনা চলার কথা জানালেন। ২০০৬ সালের ডিসেম্বর থেকে ইরানের ওপর বহাল রয়েছে এসব নিষেধাজ্ঞা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, “পরমাণু চুক্তি হলে (যদিও তা হবে কিনা সেটি এখনো একটি বড় প্রশ্ন) আমরা খুব শিগগিরই জাতিসংঘ নিষেধাজ্ঞার বিষয়টিতে পদক্ষেপ নিতে চাইব।”
