২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি চর আখ্যা দিয়ে কিশোর হত্যা করেছে আইএস

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে চরের কাজ করছে, এমন অভিযোগে মুহাম্মদ মুসাল্লাম নামের এক ইসরায়েলি আরব কিশোরকে হত্যার ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)।

রয়টার্স

রয়টার্স

Published : 11 Mar 2015, 11:32 AM

Updated : 25 Apr 2022, 01:07 PM

মঙ্গলবার নিজেদের অনলাইন গণমাধ্যম ‘ফুরকান’ -এ ভিডিওটি প্রকাশ করেছে আইএস।

এতে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের চর হিসেবে কাজ করার জন্য মুসাল্লাম জিহাদি গোষ্ঠী আইএস’-এ নাম লিখিয়েছিলেন।

১৩ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, কমলা রঙয়ের জাম্পস্যুট পরা ১৯ বছর বয়সী মুসাল্লাম একটি ঘরে বসে মোসাদ তাকে কীভাবে রিক্রুট করেছে ও প্রশিক্ষণ দিয়েছে তার বর্ণনা দিচ্ছেন। নিজের বাবা ও বড়ভাই তাকে এ কাজে উৎসাহিত করেছে বলে জানান মুসাল্লাম। 

কথা শেষে মুসাল্লামকে পাহারা দিয়ে একটি খোলা মাঠে নিয়ে যাওয়া হয়, সেখানে এক বালক তার মাথায় গুলি করে। এই বালককে “খিলাফতের সন্তান” হিসেবে পরিচয় করিয়ে দেন আইএস’র এক ফরাসিভাষী সদস্য। 

ওই সদস্য ফরাসি ভাষায় মুসাল্লামকে দেয়া দণ্ড পড়ে শোনান, এ সময় সে (মুসাল্লাম) মাটিতে হাঁটু গেড়ে ছিলেন। 

শাস্তি পড়ে শোনানোর পর সামরিক পোশাক পরিহিত পিস্তলধারী এক বালক এসে মুসাল্লামের মুখোমুখি দাঁড়িয়ে তার কপালে একটি গুলি করেন। মুসাল্লাম পড়ে যাওয়ার পর বালকটি তাকে লক্ষ করে আরো তিনটি গুলি করে “আল্লাহু আকবর” ধ্বনি উচ্চারণ করেন। 

আইএস’র সমর্থকরা ভিডিওটি ট্যুইটারেও পোস্ট করেছে। এই ভিডিওটির সত্য কিনা, তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তারা ভিডিওটি দেখেছেন, কিন্তু এটি আসল কিনা তা নিশ্চিত নন। 

ফেব্রুয়ারি মাসে আইএস’র ইংরেজি ভাষার সাময়িকী ‘দাবিক’-এ মুসাল্লামের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল। ওই সাক্ষাৎকারে মুসাল্লাম যা বলেছিলেন, প্রকাশিত ভিডিওতেও তাই বলেছেন। 

মুসাল্লাম জানিয়েছিলেন, আইএস’র অস্ত্রভাণ্ডার, ঘাঁটি ও গোষ্ঠীটির ফিলিস্তিনি সদস্যদের বিষয়ে ইসরায়েলকে প্রতিবেদন দেয়ার উদ্দেশ্যেই তিনি এতে যোগ দিয়েছেন। 

মুসাল্লাম ইসরায়েলি চর, এই অভিযোগ তার পরিবার ও ইসরায়েল, উভয়পক্ষই অস্বীকার করেছে। 

ইসরায়েলি এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ২০১৪ সালের অক্টোবরে আইএস’র হয়ে লড়াই করতে মুসাল্লাম সিরিয়া গিয়েছিলেন।