মিয়ানমারে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ
মিয়ানমারে ইয়াঙ্গনের ১৪০ কিলোমিটার উত্তরে লেটপাডন শহরে বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে।
নতুন একটি শিক্ষা বিলের বিরুদ্ধে ইয়াঙ্গুন অভিমুখে কয়েকশ’ শিক্ষার্থীর মিছিলে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ বেধে যায়। পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করেছে এবং কয়েকজনকে আটকও করেছে।
নতুন শিক্ষা আইন অবাধ প্রাতিষ্ঠানিক শিক্ষার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে- এ যুক্তিতে ছাত্র-ছাত্রীরা নতুন বিলটির পরিবর্তন দাবি করছে।
এ দাবিতে শিক্ষার্থীরা জানুয়ারি থেকেই মান্দালয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। লেটপাডনে তাদেরকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আটকে রাখে পুলিশ। মিছিল নিয়ে এগুতে না দেয়ার জন্য যানবাহন এবং কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয় রাস্তা।
গত সপ্তাহে পুলিশ তাদেরকে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দেয়ার পর নতুন উত্তেজনা দেখা দেয়। কর্তৃপক্ষ বিক্ষোভকারীদেরকে পতাকা উড়িয়ে বিক্ষোভ করতে বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। ২শ’ শিক্ষার্থী এ সময় বেড়া ভেঙে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্র্জ করে এবং ধরপাকড় করে।
প্রাথমিকভাবে পুলিশ বিক্ষোভকারীদেরকে মিছিল নিয়ে সামনে এগুতে দিতে রাজি থাকার কথা জানালেও পরে তা ভেস্তে যায়। বিক্ষোভস্থলে গিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ।
