২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেমৎসোভ হত্যা: দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রাশিয়ার বিরোধীদলীয় নেতা বরিস নেমৎসোভ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে । 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 08:24 PM

Updated : 26 Jul 2022, 11:56 AM

মস্কোর একটি আদালতের মুখপাত্র রোববার গণমাধ্যমে একথা জানিয়েছেন।

বাসমান্নি জেলা আদালতের মুখপাত্র আন্না ফাদেয়েভা বলেন, যে দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন অ্যানজর গুবাশেভ ও জাউর দাদায়েভ। 

দুজনই চেচনিয়ার বলে জানানো হয়েছে রাশিয়ার গণমাধ্যমে। তাদের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা করা ও তা বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরো তিন জনকে রোববার আদালতে হাজির করা হয়েছে।

এক সপ্তাহ আগে একটি সেতুতে আততায়ীদের গুলিতে নিহত হন নেমৎসোভ। পুতিনের ১৫ বছরের শাসনকালে খুন হওয়া বিরোধীদলীয় নেতাদের মধ্যে নেমৎসোভ সবচেয়ে শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন।

এর আগে এক বিবৃতিতে তদন্ত কমিটি বলেছিল,“আমাদের তদন্ত অনুযায়ী, আটক অ্যানজর গুবাশেভ ও জাউর দাদায়েভ বরিস নেমৎসোভকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত।”

২৭ ফেব্রুয়ারি রাতে হেঁটে মস্কোর রেড স্কয়ারের কাছের নিজ বাড়িতে ফেরার সময় পেছন থেকে গুলি করে নেমৎসোভকে খুন করা হয়।

এই খুনের সঙ্গে রুশ সরকার জড়িত বলে সন্দেহ করছেন নেমৎসোভের বন্ধুরা। অপরদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন রুশ সরকারি কর্মকর্তারা।

এ খুনের ঘটনাকে লজ্জাজনক শোচনীয় ঘটনা বলে বর্ণনা করে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

পুরনো খবর:

রাশিয়ায় নেমৎসোভ হত্যায় দুই সন্দেহভাজন আটক