২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় নেমৎসোভ হত্যায় দুই সন্দেহভাজন আটক

রাশিয়ার বিরোধীদলীয় নেতা বরিস নেমৎসোভ হত্যায় জড়িত সন্দেহে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Mar 2015, 11:14 AM

Updated : 26 Jul 2022, 11:56 AM

এক সপ্তাহ আগে মস্কোর ক্রেমলিনের কাছের একটি সেতুতে আততায়ীদের গুলিতে নিহত হন নেমৎসোভ।

খুনের তদন্তে নেতৃত্ব দেয়া তদন্ত কমিটি আটককৃতদের নাম অ্যানজর গুবাশেভ ও জাউর দাদায়েভ বলে জানিয়েছে। দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুজনের আটকের বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পুতিনের ১৫ বছরের শাসনকালে খুন হওয়া বিরোধীদলীয় নেতাদের মধ্যে নেমৎসোভ সবচেয়ে শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন।

তদন্ত কমিটি এক বিবৃতিতে বলেছে, “আমাদের তদন্ত অনুযায়ী, আটককৃত দুজন বরিস নেমৎসোভকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত।”

আটককৃত দুজন ককেশাস থেকে এসেছে বলে রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ওই এলাকাটিতে অনেকদিন ধরে সহিংসতা চলছে।

রোববার আটককৃতদের মস্কোর একটি আদালতে হাজির করে শুনানির পর নিয়মতান্ত্রিকভাবে গ্রেপ্তার করা হতে পারে বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি রাতে হেঁটে মস্কোর রেড স্কোয়ারের কাছের নিজ বাড়িতে ফেরার সময় পেছন থেকে গুলি করে নেমৎসোভকে খুন করা হয়।

এই খুনের সঙ্গে রুশ সরকার জড়িত বলে সন্দেহ করছেন নেমৎসোভের বন্ধুরা। অপরদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন রুশ সরকারি কর্মকর্তারা।

এই খুনের ঘটনাকে লজ্জাজনক শোচনীয় ঘটনা বর্ণনা করে খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।