২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র প্রত্যাহার শুরু করতে পারেনি ইউক্রেইন

পূর্ব ইউক্রেইনে লড়াইয়ের সম্মুখভাগ থেকে সেনাবাহিনী সোমবার ভারী অস্ত্র প্রত্যাহার শুরু করতে পারেনি বলে জানিয়েছে। বিদ্রোহীদের গোলা হামলা বন্ধ না হলে এ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না বলে জানায় তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Feb 2015, 07:24 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

ইউক্রেইন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আনাতোলি স্টেলম্যাক সাংবাদিকদের বলেছেন, বিদ্রোহীরা গোলা হামলা বন্ধ করেনি।

দু’পক্ষই এ সপ্তাহান্তে যুদ্ধবিরতি চুক্তির আওতায় স্বল্প সময়ের জন্য ভারী অস্ত্র প্রত্যাহার শুরু করতে সম্মত হয়। তবে সোমবার সরকারি ছুটির দিনের পরও বিদ্রোহীরা অস্ত্র প্রত্যাহার শুরু করবে না বলেই মনে করা হচ্ছে।

মিন্সকে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় দুপক্ষরই গোলাবারুদ এবং ট্যাংক রণক্ষেত্র থেকে সরিয়ে নেয়ার জন্য দু’সপ্তাহ সময় হাতে আছে।

১২ ফেব্রুয়ারি বেলারুশের রাজধানীতে সই হওয়া যুদ্ধবিরতি গত সপ্তাহে দিবালিৎসিভের লড়াইয়ে প্রায় ভেঙে পড়ার মুখে পৌঁছে যায়।

জাতিসংঘের হিসাবমতে, গত এপ্রিলে দোনেৎস্ক এবং লুহান্সকে লড়াই শুরু হওয়ার পর থেকে প্রায় ৫ হাজার ৭শ’ মানুষ নিহত হয়েছে এবং ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

পূর্ব ইউক্রেইনের ‘সন্ত্রাস-বিরোধী অভিযান’ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল স্টেলম্যাক বলেছেন, বিদ্রোহীরা দোনেৎস্কের সরকারি অবস্থানগুলোতে রাতভর বোমা হামলা চালিয়েছে। প্রথমে ক্ষুদ্রাস্ত্র এবং পরে গোলা হামলা চালায় তারা।

ইউক্রেইনের আরেক নিরাপত্তা মুখপাত্র ভ্লাদিস্লাভ সেলেজনিয়ভ বলেছেন, “ইউক্রেইনের সেনাবাহিনীর অবস্থানগুলোতে এখনো গোলাবর্ষণ চলছে। তাই অস্ত্র প্রত্যাহারের কোনো প্রসঙ্গ উঠতে পারে না।”