২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বেসামরিক নাগরিকের মৃত্যু বেড়েছে

২০১৪ সালে আফগানিস্তানে বেসামরিক মানুষ হতাহতের হার ২২ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 08:14 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

গত বছর আফগানিস্তানে মোট ৩,৬৯৯ জন বেসামরিক মানুষ নিহত এবং ৬,৮৪৯ জন আহত হয়েছে। ২০০৯ সাল থেকে জাতিসংঘ আফগানিস্তানে হতাহতদের হিসাব রাখা শুরু করার পর এটিই সবচেয়ে রক্তাক্ত বছর।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালেই প্রথমবার তালেবান জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধে নিহতদের তুলনায় রাস্তায় পেতে রাখা বোমায় দেশটিতে বেশি মানুষ হতাহত হয়েছে।

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি নিকোলাস হিসম কাবুলে এক সংবাদ সম্মেলনে হতাহতের এই পরিসংখ্যান উপস্থাপন করেন।

পরিসংখ্যানে দেখা যায়, সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে যুদ্ধে মাত্র তিন শতাংশের কিছু বেশি বেসামরিক মানুষ হতাহত হয়। যেখানে রাস্তার পাশে পেতে রাখা বোমায় বেসামরিক মানুষ হতাহত হওয়ার হার ২৮ শতাংশ।

‘ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের’ (আইসিআরসি) পরিসংখ্যানও জাতিসংঘের পরিসংখ্যানকে সমর্থন জানিয়েছে। গত বছর ডিসেম্বরের পর থেকে আফগানিস্তানে বিদেশি সেনারা আর সম্মুখ যুদ্ধে অংশ নিচ্ছে না।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ডিসেম্বরেই ৫০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে। আফগানিস্তান থেকে বিদেশি সেনা তুলে নেয়ার সময় তালেবানদের ব্যাপক হামলায় এসব মানুষ মারা যায়।

জাতিসংঘের পরিসংখ্যানে আরো দেখা যায়, ২০১৪ সালে সবচেয়ে বেশি আফগান সেনা ও পুলিশ নিহত হয়েছে। এ সংখ্যা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি।