২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ভারত সফরে গেছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। ক্ষমতা গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 10:27 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

রোববার তিনি নয়া দিল্লিতে পৌঁছান। ভারতের নৌমন্ত্রী পি. রাধাকৃষ্ণ বিমানবন্দরে সিরিসেনাকে অভ্যর্থনা জানান।

চার দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন তিনি। দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসানের পর শ্রীলঙ্কায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার কার্যক্রমের বিষয়েও দুই নেতার আলোচনা করার কথা রয়েছে।

১৬ ফেব্রুয়ারি মোদীর সঙ্গে দেখা করবেন তিনি। ১৭ ফেব্রুয়ারি বৌদ্ধদের পবিত্র স্থান বুদ্ধজায়া এবং তিরুপাতি মন্দিরে যাওয়ার কথা রয়েছে তার। ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন সিরিসেনা।

নয়া দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে এই দুই নেতার বৈঠকের বিষয়ে বলেন, উভয় দেশ ‘বাস্তব সম্মত আলোচনা’ করতে আগ্রহী। এ সময় তারা বেশ কিছু চুক্তিতে উপনীত হতে পারেন। এছাড়া, বেশ কিছু চুক্তির বিষয়ে আলোচনা শুরু হতে পারে।

ভারত সরকার আশা করছে শ্রীলঙ্কার নতুন সরকার দেশটির উন্নয়নে ‘সবগুলো দলকে একত্রিত করতে একটি সত্যিকারের এবং কার্যকর উদ্যোগ নেবে’।

৯ জানুয়ারি প্রভাবশালী নেতা মাহিন্দা রাজাপাকসেকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ৬৩ বছর বয়সী সিরিসেনা। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন সিরিসেনা। সিরিসেনার সম্মানে রাষ্ট্রপতি ভবনে ভোজের আয়োজন করা হবে।