ভারতে ‘সম্মান রক্ষায়’ তরুণীকে হত্যা
ভারতের গুরগাঁয়ে এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এটা তথাকথিত ‘সম্মান রক্ষা হত্যাকাণ্ড’ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
দিল্লি-জয়পুর-মুম্বাই মহাসড়কের পাশে ভোরা কালান গ্রামের বাসিন্দা জ্যোতিকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।
২৬ বছর বয়সী জ্যোতি স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রী ছিলেন।
২০ ফেব্রুয়ারি জ্যোতি ও তার ছোট বোনের বিয়ে হওয়ার কথা ছিল।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আইএএনএসকে বলেন, “শুক্রবার সকালে জ্যোতিকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। কেউ একজন পুলিশকে জানিয়েছে জ্যোতি রহস্যজনক কারণে মারা গেছে।”
যদিও জ্যোতির পরিবারের দাবি সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে প্রাথমিকভাবে আত্মহত্যার মামলা করা হয় এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা যায় জ্যোতির মৃত্যু গলায় ফাঁস নেয়ার কারণে হয়নি। তাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরে ঝুলিয়ে রাখা হয়।”
আত্মহত্যার মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হয়েছে এবং বিলাসপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে কেন আত্মহত্যার কথা পুলিশকে বলা হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।
“আমরা নিহত তরুণীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছি। এটা ‘সম্মান রক্ষায় হত্যাকাণ্ড’ কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পরিবারের সদস্যরাই জ্যোতিকে হত্যা করেছে।”
