২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি সম্মেলনের পর ইউক্রেইনে ফের গোলা

মিন্সকে শান্তি চুক্তির পরদিনই নতুন করে গোলা হামলায় প্রকম্পিত হয়েছে বিদ্রোহী অধুষ্যিত পূর্ব ইউক্রেইনের দোনেৎস্ক এবং লুহান্সক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 07:29 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

তবে এতে হতাহতের নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। দুটো শহরই সম্মুখসারির কাছে যেখানে রাশিয়াপন্থি বিদ্রোহীরা সরকারি বাহিনীর সঙ্গে লড়ছে।

বেলারুশের রাজধানীতে নেতারা যে যুদ্ধবিরতিতে উপনীত হয়েছেন তা শুরু হবে শনিবার মধ্যরাতের পর থেকে।

চুক্তিটি মানা না হলে ইইউ রাশিয়ায় বাড়তি নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে। দোনেৎস্কে বিবিসি সাংবাদিক শুক্রবার সকালে নতুন করে গোলাবর্ষণের শব্দ শুনেছেন। যদিও এ হামলা সাম্প্রতিক দিনগুলোর তুলনায় কম ছিল।

লুহান্সকেও রাতভর বোমা হামলা হয়েছে। কয়েকমাস ধরে প্রচণ্ড লড়াইয়ের খবর দিয়েছে রাশিয়ান টিভি প্রতিবেদনে।

শুক্রবার সকালে কিয়েভে এক সামরিক মুখপাত্র বলেছেন, গত ২৪ ঘন্টায় রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেইন সেনাবাহিনীর ৮ সদস্য নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩৪ জন।

রাশিয়া, ইউক্রেইন, জার্মানি এবং ফ্রান্সের মধ্যে ম্যারাথন আলোচনার মধ্য দিয়ে সম্মত শান্তি চুক্তি নিয়ে সংশয় রয়ে গেছে।

শুক্রবার সকালে লুহান্সকে একটি ক্যাফেতে বিদ্রোহীদের গোলা হামলায় ২ জন মারা গেছে।