২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেএফসির লাঞ্চে ‘মগজ’ দেখে আঁতকে উঠলেন মার্কিন কিশোর

কেএফসির খাবারে মগজ সদৃশ বস্তু দেখতে পেয়ে আঁতকে ওঠার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক কিশোর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 09:59 AM

Updated : 12 Oct 2022, 03:16 PM

গত সোমবার ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার স্টকটন হাই স্কুলের ছাত্র ম্যানুয়েল কোবারুবিস চলতি মাসের প্রথম দিকে কেএফসির দুপুরের খাবারের একটি অর্ডারে চিকেন ও কর্নের আইটেম নিয়ে তাতে একদলা মাংস দেখতে পান।

সেটিকে মুরগির মগজ ভেবে ‘আঁতকে’ উঠেছিলেন বলে জানান ওই কিশোর।

“এটা আমার কাছে মগজের মতো মনে হয়েছিল। গা ঘিনঘিন করায় খাওয়া বাদ দিয়ে ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছিলাম,” বলেন তিনি।

এরপর কেএফসির টুইটার অ্যাকাউন্টে পাঠানো একটি বার্তায় ঘটনাটি তুলে ধরে টাকা ফেরত চান ওই কিশোর।

ফিরতি টুইটে তার কাছে দুঃখপ্রকাশ করা হলেও অর্থ ফেরতের ব্যাপারে কোনো সাড়া আসেনি।

তখন ফক্স স্টেশনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তুলে ধরেন ওই কিশোর। এরপর তাকে ফোন করেন কেএফসির ওই অঞ্চলের পরামর্শক রিচার্ড রামোস। টাকাও ফেরত পান ওই কিশোর।

রামোস বলেন, ওই জিনিসটি মুরগির কিডনি বা গিলা হতে পারে।

ওই রেস্তোরাঁয় ভালোভাবে রান্নার বিষয়টি নিশ্চিত করতে বাবুর্চিদের সঙ্গে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি।