পশ্চিমারাই ইউক্রেইন সঙ্কট সৃষ্টি করেছে: পুতিন
ইউক্রেইনের সঙ্কটজনক পরিস্থিতির জন্য পশ্চিমা বিশ্বের দিকে অভিযোগের আঙুল তুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এ সঙ্কট তারাই সৃষ্টি করেছে।
জার্মানি ও ফ্রান্সের উদ্যোগে ইউক্রেইন সঙ্কট মোকাবেলায় নতুন করে শান্তি আলোচনা বুধবার শুরু হবে। ওই বৈঠকের বিষয়ে কথা বলতে গিয়ে এবং ইউক্রেইনে লড়াই বন্ধে ফান্স-ও জার্মানির দেয়া প্রস্তাব বিবেচনা করে দেখার মধ্যে এ অভিযোগ করেন পুতিন।
মিশরের আল-আহরাম পত্রিকাকে পুতিন বলেন, নেটোকে প্রভাব বিস্তার করতে না দেয়ার প্রতিশ্রুতি ভেঙে এবং দেশগুলোকে তাদের বা রাশিয়ার মধ্যে কাউকে বেছে নিতে বাধ্য করেছে পশ্চিমা বিশ্ব।
তিনি বলেন, “যেসব দেশ সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল সেগুলোকে রাশিয়া থেকে বিচ্ছিন্ন করতে এবং তাদের রাশিয়া এবং ইউরোপের মধ্যে একটিকে বেছে নিতে বাধ্য করতে এসব করা হচ্ছে।”
“আমরা বার বার যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্রদের ইউক্রেইনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর ভয়াবহ ফলাফল সম্পর্কে সতর্ক করেছি। কিন্তু তারা আমাদের পরামর্শে কান দেয়নি।”
পশ্চিমা বিশ্বের দাবি, রাশিয়া পূর্ব ইউক্রেইনের সরকার-বিরোধীদের উস্কানি দেয়ার পাশপাশি সেখানে সেনা ও সামরিক সাহায্য পাঠাচ্ছে। রাশিয়া বরাবর এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ইউক্রেইনে গত বছর এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৫,৩৫৮ জন নিহত এবং ১২,২৩৫ জন আহত হয়েছে। গৃহহীন হয়েছে ১৫ লাখ মানুষ।
কর্মকর্তারা জানান, দিবালিৎসিভ শহরের চারদিকে যুদ্ধ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ইউক্রেইনের অন্তত নয় জন সেনা প্রাণ হারিয়েছে। ইউক্রেইনে শান্তি ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন।
সোমবার দিনশেষে কোন একসময় ওয়াশিংটনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।ইউক্রেইন সরকারকে সাহায্য করতে যুক্তরাষ্ট্রের অস্ত্র পাঠানোর ঘোষণার পর এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনাও জরুরি হয়ে পড়েছে।
বিবিসি জানায়, ইউক্রেইনের ব্যাপারে শক্ত পদক্ষেপে নেয়ার জন্য কংগ্রেস থেকে ওবামার ওপর চাপ দেয়া হচ্ছে।
ওদিকে, জার্মানি এবং ফ্রান্সের নেতারা ইউক্রেইনে লড়াই বন্ধে একটি প্রস্তাব নিয়ে শুক্রবার মস্কোয় গেছেন। পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা না হলেও সাম্প্রতিক ফ্রন্ট লাইনের চারপাশে ৫০-৭০ কিলোমিটারের একটি সেনামুক্ত এলাকা রাখার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ইউক্রেইনে কিছু সামরিক সাহায্য পাঠানো প্রয়োজনীয় হয়ে পড়েছে বলে মনে করছেন রিপাবলিকান দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্য জন ম্যাককেইনসহ আরো বেশ কয়েকজন কর্মকর্তা।
তবে মেরকেল মনে করেন এখনো এ ধরনের কোন পরিস্থিতি তৈরি হয়নি। বেলারুশের রাজধানী মিনস্কে বুধবারের বৈঠকে জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও ইউক্রেইনের নেতারা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা করবেন।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার সোমবার বলেন, বৈঠকে একটি সমাধানে উপনীত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এখনো কোন চুক্তি হয়নি।
