২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব ইউরোপে প্রতিরক্ষা বাড়াবে নেটো

ইউক্রেইনে চলমান লড়াইয়ের জবাবে পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বাড়ানোর বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করছে নেটো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 09:56 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

স্নায়ুযুদ্ধের শেষদিক থেকে এ পর্যন্ত এটিই সবচেয়ে বড় সমন্বিত প্রতিরক্ষা বলে অভিহিত করেছেন ব্লকের চীফ।

এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কিয়েভে আলোচনায় বসার পরিকল্পনা করেছেন। রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেইনকে সহায়তা করতে অস্ত্র দেয়া হবে কিনা তা বিবেচনা করে দেখছে যুক্তরাষ্ট্র।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্র কেবল ইউক্রেইনকে অ-সামরিক সহায়তা দিয়ে এসেছে। ব্রাসেলসে নেটো প্রতিরক্ষামন্ত্রীরা বৃহস্পতিবারের বৈঠকে পূর্ব ইউরোপে জোটের সদস্যদেশগুলোকে তাদের শক্তি বাড়ানোর আশ্বাস দেবেন।

৫ হাজার সেনার একটি নতুন ‘র্যা পিড রিঅ্যাকশন ফোর্স’ ঘোষণা করা হবে এবং এটি পরিচালনাকারী ইউনিটগুলো দুই দিনের নোটিশে মোতায়েনক্ষম থাকবে।

ব্রাসেলসে মন্ত্রীরা পৌঁছানোর পর নেটো চীফ জেনস স্টোলেনবার্গ বলেছেন, “রাশিয়া থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ক্রিমিয়া অধিগ্রহণ করার যে আগ্রাসী কার্যকলাপ আমরা দেখছি তার জবাবই দিচ্ছে ব্লক”।

সামরিক উপস্থিতি বাড়ানোর পাষাপাশি এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, পোল্যান্ড, রুমানিয়া এবং বুলগেরিয়ায় ছোট কমান্ড নেটওয়ার্ক গড়ার পরিক্পনাও প্রকাশ করবে নেটো।

ইউক্রেইন সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নেটোর এ প্রতিরক্ষা ব্যবস্থা বাল্টিক রাষ্ট্রগুলোতে কিংবা নেটো জোটের সদস্যদের বিরুদ্ধে রাশিয়ার যে কোনো হুমকি মোকাবেলায় কাজ করবে বলে মনে করা হচ্ছে।