২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের ত্রাণের বাক্সে আইএস’ এর লোগো

জাতিসংঘের বিশ্ব খাদ্য প্রকল্পের (ডব্লিউএফপি) ত্রাণের প্যাকেটে ইসলামিক স্টেটের (আইএস) লোগ লাগিয়ে সেগুলো সিরিয়ায় বিতরণ করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Feb 2015, 06:36 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ছবি দেখে ডব্লিউএফপি ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। ছবিগুলো আইএসআইএস সংশ্লিষ্ট একটি ওয়েবসাইট থেকে ছড়িয়ে পড়ে।

ছবিতে দেখা যায়, কার্ডবোর্ডের যে বাক্স থেকে খাবার বিতরণ করা হচ্ছে ওই বাক্সের গায়ে ডব্লিউএফপি’র লোগোর ওপর ‘ইসলামিক স্টেট ইন সিরিয়া’ (আইএসআইএস) লেখা লেবেল লাগানো।

এক বিবৃতিতে ডব্লিউএফপি’র জরুরি আঞ্চলিক সমন্বয়কারী মুহান্নাদ হাদি বলেন, “সিরিয়ার মত জায়গা যেখানে খাদ্য সহায়তা ভীষণ প্রয়োজন সেখানে ডব্লিউএফপি’র ত্রাণে এভাবে হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি।”

ওই ছবিগুলো সত্যি কিনা সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে ডব্লিউএফপি। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, ওগুলো আলেপ্পো থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে দেইর হাফর গ্রাম থেকে তোলা হয়েছে।

ওই এলাকার সাড়ে আট হাজার মানুষের জন্য অগাস্টে প্রচুর ত্রাণ পাঠিয়েছিল ডব্লিউএফপি। সিরিয়ার অনেক এলাকায় ডব্লিউএফপি’র রেশন ‘সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট’ (এসএআরসি) এর সহায়তায় দুর্গতদের মাঝে বিতরণ করা হয়।

সেপ্টেম্বরে এসএআরসি’র গুদামে হামলা চালিয়েছিল আইএস জঙ্গিরা। ডব্লিউএফপি কর্তৃপক্ষের ধারণা, গুদামে খুব সম্ভবত ত্রাণসামগ্রী ছিল যেগুলো জঙ্গিরা নিয়ে গেছে।