ভেনেজুয়েলার ভিসা নিষেধাজ্ঞার আওতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র
মানবাধিকার লঙ্ঘণ ও দুর্নীতির অভিযোগ এনে ভেনেজুয়েলার অনামা কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
প্রতিবাদকারীদের অধিকার হরণ করার অভিযোগ এনে ২০১৪ সালে ভেনেজুয়েলার বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র।
এবার নিষেধাজ্ঞার সেই তালিকা বৃদ্ধি করে কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেছেন, “আমরা পরিষ্কার একটি বার্তা দিচ্ছি, মানবাধিকার লঙ্ঘণকারীরা, যারা সরকারি দুর্নীতির মাধ্যমে লাভবান হয়, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে না।”
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, এই নিষেধাজ্ঞার মাধ্যমে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘণের উদ্যোগ নেয়া হয়েছে।
এ সিদ্ধান্তের প্রতিবাদে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে চিঠি লিখবেন বলে জানিয়েছেন মাদুরো।
“(সিমন) বলিভারের দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অধিকার বা আমাদের নজরদারি করার অধিকার আছে, এমন ভান একটি সাম্রাজ্যকে আমরা করতে দিতে পারি না,” ভেনেজুয়েলায় জন্ম নেয়া লাতিন আমেরিকার স্বাধীনতার নায়কের নাম উচ্চারণ করে বলেন মাদুরো।
২০১৪ সালের প্রথম ছয়মাস ভেনেজুয়েলাজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ হয়। ওই বিক্ষোভ দমনে কর্মকর্তাদের ভূমিকার বিষয়ে অভিযোগ এনে ডিসেম্বরে তাদের যুক্তরাষ্ট্রের ভিসা দেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওয়াশিংটনে ক্যারিবীয় দেশগুলোর নেতাদের সঙ্গে জ্বালানি বিষয়ক এক বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তার সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে একটি অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছেন, রোববার প্রেসিডেন্ট মাদুরো এমন অভিযোগ করার একদিন পর নতুন ভিসা নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
