নিলাম হচ্ছে সু চি’র বাড়ির ফটক
নিলামে তোলা হচ্ছে মিয়ানমারের নোবেল পুরস্কার বিজয়ী রাজনীতিবিদ অং সান সু চি’র বাড়ির সামনের লোহার ফটকটি।
২০০৭ সালে দলীয় পতাকার লাল ও হলুদ রংয়ের প্রলেপ দেয়া হয় ফটকটিতে। মিয়ানমারে সামরিক শাসন চলাকালে দীর্ঘ সময় নিজ বাড়িতে বন্দি ছিলেন সু চি। এই ফটকটি তার ওই সময়ের কষ্টকর জীবনের প্রতীক হয়ে উঠেছে।
সু চির বন্ধু এবং সমর্থক সয়ে নিউন্ত জানান, নিলামে ফটকটির শুরুর দাম দুই লাখ মার্কিন ডলার ধরা হয়েছে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সু চির দল ন্যাশন্যাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নতুন কার্যালয় স্থাপনের কাজে ব্যয় হবে।
বিবিসি’র সংবাদদাতা জানান, দীর্ঘ বন্দি জীবনে সু চি যখন কিছু সময়ের জন্য ছাড়া পেয়েছেন তখন ওই ফটকের পেছনে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন, তার প্রতিবাদেরও মঞ্চ ছিল এটি। ২০১০ সালে গৃহবন্দি জীবনের অবসান হওয়ার পর ওই ফটকের পেছনে দাঁড়িয়েই তিনি জনতার উদ্দেশ্যে হাত নাড়েন।
এর কিছুদিন পর ওই ফটকটি পাল্টে সেখানে ধূসর রঙের দরজা লাগানো হয়। ফটকের সঙ্গে সু চি’র পুরনো বাড়ির নম্বর প্লেটটিও নিলামে তোলা হবে। তবে কবে এ নিলাম অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কিছু জানাননি সয়ে নিউন্ত।
