২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারানো মর্যাদা ফিরে পেলেন শ্রীলঙ্কার জেনারেল ফনসেকা

তামিলদের সশস্ত্র বিদ্রোহ দমনকারী শ্রীলঙ্কার সাবেক সেনা প্রধান শরৎ ফনসেকার ওপর শাস্তিমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে দেশটির নতুন সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 01:43 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

ফনসেকার সেনা জেনারেলের পদমর্যাদা ফিরিয়ে দিয়ে তার ভোট দেয়ার অধিকার ও নির্বাচনে প্রার্থী হওয়ার নাগরিক অধিকারও পুনর্বহাল করা হয়েছে বলে বুধবার জানিয়েছে বিবিসি।

দুর্নীতি ও অন্যান্য অপরাধের দায়ে ফনসেকার কারাবাসের শাস্তি হওয়ার পর তার এসব অধিকার কেড়ে নিয়েছিল সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সরকার।

তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযানের তত্ত্বাবধান করেছিলেন ফনসেকা ও রাজাপাকসে। বিদ্রোহ দমন করা ওই অভিযানে হাজার হাজার বেসামরিক তামিলকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ আছে।

বিদ্রোহ দমনের পর প্রেসিডেন্ট রাজাপাকসের সঙ্গে ফনসেকার বিরোধ তৈরি হয় এবং ২০১০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসের বিরুদ্ধে প্রেসিডেন্ট প্রার্থী হন ফনসেকা।

এর কিছুদিনের মধ্যেই ফনসেকার কারাবাসের শাস্তি হলে তার রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হয়।

প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাজাপাকসে সাবেক এই সেনাপ্রধানকে ক্ষমা করে তাকে কারাগার থেকে মুক্তি দেন। কিন্তু নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ফনসেকার বিরুদ্ধে আনা অভিযোগগুলোও বাতিল করে দিয়েছেন।

ফনসেকার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাটিও তুলে নেয়া হয়েছে। ফলে মামলাটি নিয়ে আপিল করার সিদ্ধান্ত বাদ দিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার রাজনীতির প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ফনসেকা অন্যতম। সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সিরিসেনার পক্ষে জোরালো ভূমিকা রাখেন। নির্বাচিত হওয়ার পরই ফনসেকাকে পুনর্বাসিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সিরিসেনা।

মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, ফনসেকা ও রাজাপাকসে উভয়েই তামিল যোদ্ধারা আত্মসমর্পন করতে চাইলেও তাদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছেন।

২০০৬ সালে তামিল টাইগারদের এক আত্মঘাতী বোমা হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন ফনসেকা। তালিম বিদ্রোহীদের নির্মূল করাই তার চার দশকের সামরিক ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেন সাবেক এই জেনারেল।