২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত ৪

ফ্রান্সের রাজধানী প্যারিসের সুপারমার্কেটে হামলা চালানো জঙ্গিদের সঙ্গে জড়িত সন্দেহে চার জনের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ আনা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 12:17 AM

Updated : 22 Aug 2022, 11:31 AM

তাদের বয়স ২২ থেকে ২৮ এর মধ্যে এবং তারা আমেদি কুলিবালির সঙ্গে কোন ভাবে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

কুলিবালি একটি সুপারমার্কেটে চার জনকে হত্যা করে। এছাড়া প্যারিসে একজন নারী পুলিশকে কুলিবালিই গুলি করে হত্যা করেছে বলে ধারণা ফ্রান্স পুলিশের। ৪ জনের বিরুদ্ধেই আনুষ্ঠানিক তদন্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

সুপারমার্কেটে জিম্মি নাটকের সময় মালির বাসিন্দা একজন দোকানকর্মী ক্রেতাদের লুকাতে সাহায্য করেছিলেন। এর পুরষ্কার হিসেবে ফ্রান্স সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে।

কুলিবালি যখন ক্রেতাদের জিম্মি করছিল তখন ২৪ বছর বয়সী তরুণ কর্মী লাসানা বাথিলি বেজমেন্টের কোল্ডস্টোরে ক্রেতাদের লুকাতে সাহায্য করেন।

মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে বাথিলির হাতে ফ্রান্সের পাসপোর্ট তুলে দেয়া হয়। নয় বছর ধরে ফ্রান্সে কাজ করছেন বাথিলি। গত বছর নাগরিকত্বের আবেদন করেন তিনি।

৭, ৮ ও ৯ জানুয়ারি প্যারিসে জঙ্গি হামলার ঘটনায় ১৭ জন প্রাণ হারায়। পুলিশের গুলিতে নিহত হয় তিন জঙ্গি। জঙ্গিদের সাহায্য করে থাকতে পারেন এমন সন্দেহে পুলিশ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করে।

পরদিন আটক তিন নারীকে ছেড়ে দেয়া হয়। আরও পাঁচজনকে মঙ্গলবার ভোররাত ছেড়ে দেয় পুলিশ।