পাকিস্তানে পোলিওকর্মীদের ওপর হামলা, পুলিশ নিহত
পাকিস্তানের করাচিতে পোলিও টিকাদান কর্মীদের একটি দলের ওপর বন্দুকধারীদের হামলায় পাহারায় থাকা এক পুলিশ নিহত হয়েছে।
করাচির ওরাঙ্গি শহরতলীতে এ হামলা হয়। শহরটিতে পোলিও টিকাদান কর্মসূচি বন্ধ করা হয়েছে।
হামলাকারীরা মটরসাইকেলে করে এসে হামলা চালায় এবং পুলিশের পাল্টা গুলির মুখে পালিয়ে যায় বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে। বন্দুকধারীদের গুলিতে নিহত হন পুলিশের সাব ইন্সপেক্টর তাবাসসুম আলি।
বিশ্বে তিনটি দেশের মধ্যে পাকিস্তানেই পোলিও’র প্রকোপ বেশি। জঙ্গিরা এ টিকাদান কর্মসূচিকে গুপ্তচরদের ছদ্মবেশী প্রকল্প আখ্যা দিয়ে পোলিও কর্মীদের ওপর হামলা চালিয়ে আসছে।
গত দু’বছরে পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৬০ জনেরও বেশি পোলিও কর্মী কিংবা তাদেরকে পাহারায় থাকা পুলিশ নিহত হয়েছে। এ বছর দেশটিতে পোলিও দলের ওপর এটিই প্রথম হামলা।
