২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইন্দোনেশিয়ায় একই সঙ্গে কার্যকর হবে দুই অস্ট্রেলীয়র মৃত্যুদণ্ড’

ইন্দোনেশিয়ায় ‘বালি নাইন’ মাদক মামলায় অভিযুক্ত দুই অস্ট্রেলীয় নাগরিকের মৃত্যুদণ্ড একই সঙ্গে কার্যকর হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 03:44 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা শুক্রবার এই তথ্য জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেল এমএস প্রাসেটিও বলেন, ময়ুরান শুকুমারান এবং এন্ড্রু চান নামে ওই দুই অস্ট্রেলীয়র মৃত্যুদণ্ড একই সময়ে কার্যকর করা হবে কারণ তারা একই সময়ে অপরাধ করেছেন।

শুকুমারানের ক্ষমা চেয়ে করা আবেদন গত সপ্তায় প্রত্যাখ্যাত হয়েছে। আর চেনের আবেদনের এখনো নিষ্পত্তি হয়নি।

মাদক সংক্রান্ত অপরাধে ইন্দোনেশিয়া মৃত্যুদণ্ড দেয়ার বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত।

অস্ট্রেলিয়ার সরকার এই মৃত্যুদণ্ড প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের নাগরিকদের রক্ষার জন্য প্রচারণা চালিয়ে যাবে।

মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশীয় সরকারের প্রতি এখনই মৃত্যুদণ্ড কার্যকর বন্ধের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সরকারের প্রতি এই দণ্ডের বিধান লুপ্তেরও আবেদন জানিয়েছে আন্তর্জাতিক এই সংগঠনটি।

২০১৪ সালে দেশটিতে কোন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। দেশটির সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট জোকো উইদোদো সাফ জানিয়ে দিয়েছেন, মাদক সংক্রান্ত কোন অপরাধে মৃত্যুদণ্ড হলে তিনি ক্ষমা করবেন না।

আসছে রোববারেই ছয় ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে অ্যাটর্নি জেনারেল এমএস প্রাসেটিও জানিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনই বিদেশি নাগরিক।

প্রেসিডেন্ট হিসাবে উইদোদো দায়িত্বগ্রহণ করার পর এটিই হবে দেশটিতে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

সিডনি থেকে আসা শুকুমারান ২০০৫ সালের এপ্রিলে বালিতে অপর নয় অস্ট্রেলীয় নাগরিকের সঙ্গে ৮ দশমিক ৩ কেজি হিরোইনসহ গ্রেপ্তার হন।

শুকুমারান ও চেন ওই দলটির নেতা বলে প্রমাণিত হয় এবং তাদের ২০০৬ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

গ্রেপ্তার ওই নয়জনের আটজন পুরুষ ও একজন নারী। তাদের সবার বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হওয়ায় একাধিক আপিল নিষ্পত্তি শেষে তাদের যাবজ্জীবন কারাবাসের দণ্ড দেয়া হয়েছে।

ইন্দোনেশিয়ায় ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।