২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সকে আল কায়েদার হুমকি

ফ্রান্সের বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুর অফিসে হামলার ঘটনার এক সপ্তাহের মাথায় আল কায়েদার উত্তর আফ্রিকা শাখা ‘আল কায়েদা ইন ইসলামিক মাঘরেব’ (একিউআইএম) দেশটিতে আবার হামলার হুমকি দিয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 09:53 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

সিএনএ্ন জানায়, জিহাদি ওয়েবসাইটগুলোতে এক বিবৃতিতে একিউআইএম বলেছে, “মুসলিম দেশগুলোতে সহিংসতা চালানো এবং তাদের পবিত্রতা ক্ষুন্ন করার মূল্য দিয়েছে ফ্রান্স।”

বিবৃতিতে আরো বলা হয়, “যতদিন ফরাসি সেনারা মালি এবং মধ্য আফ্রিকার দেশগুলোকে দখল করে রাখবে, সিরিয়া ও ইরাকে আমাদের লোকজনদের ওপর বোমা ও বিমান হামলা চালাতে থাকবে এবং যতদিন এর গণমাধ্যম আমাদের মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে অপমান করতে থাকবে, ততদিন ফ্রান্স আরো খারাপ পরিস্থিতির দিকে যাবে।”

৭ জানুয়ারি শার্লি এবদুর অফিসে দুই বন্দুকধারী হামলা চালিয়ে এর সম্পাদকসহ ১২জনকে হত্যা করে। অপর এক বন্দুকধারী প্যারিসের অন্য এক জায়গায় পুলিশের এক নারী সদস্যসহ সুপারমার্কেটে জিম্মি করে রাখা চারজনকে হত্যা করে।

পরবর্তীতে পুলিশি অভিযানে ওই তিন বন্দুকধারী নিহত হয়। তবে বন্দুকধারীদের এক সহযোগীকে এখনো ধরতে পারেনি পুলিশ। সে সিরিয়ায় পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনদিনের সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহতের ঘটনার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ফ্রান্স। এরই মধ্যে শার্লি এবদু তাদের পরবর্তী ১৪ জানুয়ারি সংখ্যার প্রচ্ছদে আবার মহানবী (সাঃ) এর কার্টন ছাপানোর ঘোষণা দিয়েছে। এ ঘোষণার ঠিক আগেই নতুন করে ফ্রান্সে হামলার ওই হুমকি দেয় একিউআইএম।