২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত বিমানের লেজের অংশ মিলেছে

এয়ার এশিয়ার বিধ্বস্ত হওয়া বিমানের লেজের দিকের অংশ পাওয়া গেছে সাগরতলে উল্টে থাকা অবস্থায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 06:05 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দলের প্রধান ফ্রান্সিসকুস ব্যামব্যাঙ সোয়েলিসটয়ো এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানের ব্ল্যাক বক্সটিও কাছাকাছি কোথাও আছে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার জাকার্তায় এক সংবাদ সম্মেলনে সোয়েলিসটয়ো বলেন, “আমরা বিমানের লেজের দিকের অংশ খুঁজে পেয়েছি। এই অংশটি খুঁজে বের করাই আমাদের প্রধান লক্ষ্য ছিল।”

পানির নিচে প্রথমে বিমানের ভাঙা অংশটি সনাক্ত করা হয়েছিল। পরে ডুবুরীরা বিমানের টুকরাটি খুঁজে বের করেন বলে জানান সোয়েলিসটয়ো। তিনি বলেন, “ছবিতে যা দেখা যাচ্ছে তাতে আমি নিশ্চিত যে এটি বিমানের লেজের দিকের অংশ। এখন আমরা ব্যাকুল হয়ে ব্ল্যাক বক্সটি খুঁজে বের করার চেষ্টা করছি।”

বিমানটির অবস্থান সর্বশেষ যেখানে সনাক্ত করা হয়েছিল সেখান থেকে ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে সমুদ্রের তলায় লেজের অংশটি খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছে অনুসন্ধানী দল।

২৮ ডিসেম্বর এয়ার এশিয়ার কিউজেড৮৫০১ বিমানটি ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাচ্ছিল। পথে জাভা সাগরের উত্তরাঞ্চলে বোর্নেও উপকূলে অবস্থান করার সময় হঠাৎ করেই বিমানবন্দরের সঙ্গে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ১৬২ জন আরোহী ছিলেন।

এখন পর্যন্ত বিধ্বস্ত বিমানের ৪০ জন আরোহীর মৃতদেহ এবং বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকর্মীদের কাজ কঠিন হয়ে পড়েছে।

পুরনো খবর:

বিধ্বস্ত বিমানের লেজের সন্ধান পাওয়ার দাবি