২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় সেনাঘাঁটি বোকো হারামের দখলে

নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম উত্তর-পূর্বাঞ্চলের একটি শহর এবং গুরুত্বপূর্ণ বহুজাতিক সামরিক ঘাঁটি দখল করেছে বলে জানিয়েছেন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 11:50 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

বর্নো রাজ্যের এক সিনেটর জানিয়েছেন, শনিবার বোকো হারাম জঙ্গিদের হামলার মুখে বাগা শহরের ঘাঁটিটি ছেড়ে যায় সেনারা।

বাগা থেকে নৌকায় করে প্রতিবেশী চাদে পালিয়ে যাওয়া অধিবাসীরা বলেছে, জঙ্গিরা বহু মানুষকে হত্যা করেছে এবং শহরে আগুন জ্বালিয়ে দিয়েছে।

বর্নো রাজ্যের উত্তরাঞ্চলে এই একটি শহরই এতদিন সরকারের নিয়ন্ত্রণে ছিল।শহরটিতে স্থাপন করা হয়েছিল বহুজাতিক যৌথ টাস্ক ফোর্স (এমএনজেটিএফ)। নাইজেরিয়া, চাদ এবং নাইজারের সেনারা ছিল এ ঘাঁটিতে।

লেক চাদ অঞ্চলে সীমান্ত পারের অপরাধী কর্মকাণ্ড ঠেকাতে ১৯৯৮ সালে গঠিত এ টাস্ক ফোর্স সম্প্রতি বোকো হারামকে রুখে দাঁড়িয়েছিল।

বোকো হারাম প্রায় প্রতিদিনই নাইজেরিয়ার বিভিন্ন গ্রাম-শহরে হামলা চালায় এবং গণহারে লোকজনদেরকে অপহরণ করে নিয়ে যায়।

চাদে পালিয়ে যাওয়া বাগা শহরের অধিবাসীরা বলেছে, শনিবার দিনের শুরুতে শহরে জঙ্গিরা হানা দিলে তাদের প্রচণ্ড গুলির শব্দে ঘুম ভেঙে যায়। তারা সবদিক থেকেই হামলা করছিল। এ সময় বহুজাতিক সেনাদেরকে পালাতে দেখে শহরের অধিবাসীরাও সবাই পালিয়ে যেতে মনস্থির করে।