২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত বিমানের ‘খণ্ডাংশের’ সন্ধান

১৬২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত এয়ার এশিয়ার যাত্রীবাহী বিমানের খোঁজে তল্লাশিরত জাহাজগুলো সাগর তলে দুটি বড় ধরনের বস্তুর খোঁজ পেয়েছে, যা উড়োজাহাজটির খণ্ডাংশ বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jan 2015, 12:55 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

শনিবার জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান ফ্রান্সিসকুস বামবাঙ সোয়েলিসতিও।

তিনি বলেন, “পানির ৩০ মিটার গভীরে আমরা দুটি বস্তু সনাক্ত করেছি। ওই বস্তুগুলোর ছবি নেওয়ার জন্য সাগরতলের যান আরওভি’কে পাঠানো হয়েছে।”

শুক্রবার মধ্যরাতের একটু আগে ওই দুটি বস্তু আবিষ্কৃত হয় বলে জানিয়েছেন তিনি।

প্রথম বস্তুটি দৈর্ঘ্যে ৯ দশমিক ৪ মিটার, প্রস্থে ৪ দশমিক ৮ মিটার এবং দশমিক ৪ মিটার পুরু; দ্বিতীয় বস্তুটি ৭ দশমিক ২ মিটার দীর্ঘ ও প্রস্থে দশমিক ৫ মিটার বলে জানিয়েছেন বামবাঙ।

তিনি আরও জানান, সাগরের ওই এলাকায় প্রবল ঢেউ থাকায় আরওভি পরিচালনায় সমস্যা হচ্ছে। বিশাল সব ঢেউয়ের কারণে পুরো সপ্তাহজুড়েই উদ্ধারকাজে বিঘ্ন ঘটেছে।

রোববার ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে এয়ার এশিয়ার এয়ারবাস ৩২০-২০০ বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটির কোনো যাত্রীকে এ পর্যন্ত জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার পর্যন্ত মোট ৩০ আরোহীর লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে শুধু শুক্রবারেই উদ্ধার হয়েছে ২১টি লাশ। মরদেহগুলোর মধ্যে দুইজনের শরীর তখনো সিটবেল্ট দিয়ে আসনের সঙ্গে বাঁধা ছিল।

এছাড়া নিখোঁজ বিমানের কিছু ছোট ছোট ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেলেও বিমানটির ব্ল্যাকবক্স এখনও খুঁজে পাওয়া যায়নি।

বেশ কয়েকটি দেশের জাহাজ, বিমান ও হেলিকপ্টার উত্তর জাভা সাগর ও দক্ষিণ বোর্নিও’র উপকূলজুড়ে দুর্ঘটনায় নিহতদের লাশ, বিমানের ধ্বংসাবশেষ ও বিমানটির ব্ল্যাকবক্সের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

এদিকে, দুর্ঘটনা কবলিত বিমানটির পাইলট আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী বিমানটি পরিচালনা করছিলেন কিনা এ প্রশ্ন তুলে, ছাড়পত্রের শর্ত লঙ্ঘন হয়েছে এমন ধারণা থেকে এয়ার এশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরগামী রুটের অনুমোদন স্থগিত করেছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।