ন্যাটো পরাজিত: তালেবান
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার মিত্র সেনাজোটের বিরুদ্ধে জয় ঘোষণা করেছে উগ্রপন্থি মৌলবাদী গোষ্ঠী তালেবান।
দেশটিতে আনুষ্ঠানিকভাবে মার্কিন নেতৃত্বাধীন জোট আনুষ্ঠানিকভাবে লড়াইয়ের সমাপ্তি ঘোষণার পরদিন তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে এই দাবি ঘোষণা করা হয় বলে বিবিসি জানিয়েছে।
তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী ‘উল্লেখযোগ্য কোন অর্জন’ ছাড়াই তাদের ‘পতাকা গুটিয়ে নিয়েছে’।
রোববার সামরিক জোট ন্যাটো আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে ১৩ বছরের লড়াইয়ের সমাপ্তি টানে। তবে জোটটির ১৩ হাজার সেনা আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য থেকে যাবে।
এরই মধ্যে কর্মকর্তাদের বরাতে জানা গেছে, দেশটির হেলমান্দ প্রদেশে সোমবার তালেবান জঙ্গিদের হামলায় চার আফগান সেনা নিহত হয়েছেন।
সানজিন জেলার একটি সেনা তল্লাশি চৌকিতে চালানো ওই হামলায় আহত হয়েছেন আরো তিনজন। এতে হামলাকারী আট জঙ্গিও নিহত হয়েছেন।
রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানী কাবুলে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) তাদের পতাকা নামিয়ে নেয়।
মিশন কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেল বলেন, ন্যাটো বাহিনী আফগান জনগণকে অন্ধকার থেকে তুলে এনেছে এবং তাদের ভবিষ্যতের আশা দিয়েছে।
কিন্তু সোমবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, “ন্যাটোর আনুষ্ঠানিকতা ছিল তাদের পরাজয় এবং অসম্মানের সুস্পষ্ট ইঙ্গিত।”
বিবৃতিতে তিনি আরো বলেন, “বর্তমান শক্তিকে উৎখাত করে তালেবান একটি বিশুদ্ধ ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠা করবে তালেবান।”
পশ্চিমা বাহিনী ‘নীতিভ্রষ্ট’ হয়েছে বলেও তিনি যোগ করেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলার পর ন্যাটো বাহিনী আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাত করে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসএএফ’র ১ লাখ ৩০ হাজার সেনা দেশটিতে মোতায়েন করা হয়। বিশ্বের ৫০টি দেশের সেনারা এই জোটে অন্তর্ভুক্ত হয়।
কিন্তু আগামী বছরের ১ জানুয়ারি থেকে দেশটিতে ১৩ হাজার সেনা অবস্থান করবে আফগান বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য। এসব সেনার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের।
