২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিন স্মার্ট নন: ওবামা

ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করা প্রেসিডেন্ট পুতিনের ‘স্মার্ট পদক্ষেপ’ ছিল না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 11:19 AM

Updated : 22 Aug 2022, 08:11 PM

ওবামা একে ‘কৌশলগত ভুল’ বলে দাবি করেছেন।

তিনি আরো বলেন, পুতিনকে যারা ‘জিনিয়াস’ মনে করতেন, রাশিয়ার অর্থনৈতিক সমস্যা তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছে।

এনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা এসব কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।

সাক্ষাৎকারে ওবামা আরো জানিয়েছেন, ইরানে সহসা দূতাবাস খোলার পরিকল্পনা তিনি বাতিল করছেন না।

হাওয়াইয়ে বার্ষিক অবসর কাটানোর উদ্দেশ্যে যাওয়ার আগে ওবামা ওভাল অফিসে এনপিআরের স্টিভ ইন্সকিপকে এই সাক্ষাৎকার দেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ওবামাকে ছাড়িয়ে গেছেন বা তার ওপর চাপ সৃষ্টি করেছেন বলে প্রতিপক্ষের যেসব রাজনীতিবিদ দাবি করেছেন, সাক্ষাতকারে ওবামা তাদেরও সমালোচনা করেছেন।

ওবামা বলেন, “আপনার নিশ্চয় মনে আছে, তিন কিংবা চারমাস আগে ওয়াশিংটনের প্রত্যেকেই নিশ্চিত হয়েছিলেন যে, বুদ্ধিমত্তা ও কৌশলে ‍পুতিন আমাদের সবাইকে ছাড়িয়ে গেছেন এবং কৌশলে রাশিয়ার ক্ষমতা বাড়াচ্ছেন। কিন্তু আজ আমার মনে হয়, অন্তত রাশিয়ার বাইরে সম্ভবত কিছু মানুষ মনে করছে, পুতিন যা করেছেন তা ‘খুব স্মার্ট’ কিছু ছিল না।”

চলতি বছরের মার্চে এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্রিমিয়াকে ইউক্রেইন থেকে বিচ্ছিন্ন করে রাশিয়া নিজেদের ভৌগলিক সীমানার অন্তর্ভুক্ত করে নেয়।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে।

এরপর থেকে ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রার মান অর্ধেকে নেমে আসে এবং দেশটির অর্থনীতি সংকুচিত হতে থাকে।