‘সন্ত্রাসী তালিকায়’ ছিলেন না সিডনির বন্দুকধারী
অস্ট্রেলিয়ায় সিডনির লিন্ড চকলেট ক্যাফেতে ঢুকে পড়ে ১৬ ঘন্টারও বেশি সময় লোকজনকে জিম্মি করে রাখা বন্দুকধারীকে কেন সন্ত্রাসী নজরদারির তালিকায় রাখা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।
কমান্ডোরা অভিযান চালিয়ে জিম্মি সঙ্কটের অবসান ঘটানোর কিছুক্ষণ আগেই জানা যায় বন্দুকধারী একজন ইরানি শরণার্থী।হারুন মনিস নামের ওই বন্দুকধারীকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল অস্ট্রেলিয়া সরকার।
মুসলিম ধর্মগুরু হিসাবে পরিচিতি হারুন নিজেকে শেখ হারুন বলেই পরিচয় দিতেন। তার বিরুদ্ধে যৌন সহিংসতার ৪০ টিরও বেশি অভিযোগ রয়েছে। নিজের স্ত্রীকে খুনর অভিযোগও রয়েছে। তাছাড়া, আফগানিস্তানে মোতায়েন অস্ট্রেলীয় সেনাদেরকে হুমকি দিয়ে চিঠি লেখার অভিযোগে ২০১২ সালে হারুন দোষী সাব্যস্ত হন। তবে ফৌজদারি মামলায় জামিন পেয়েছিলেন তিনি।
যে মানুষের বিরুদ্ধে এত অভিযোগ তাকে কেন বাইরে ছেড়ে রাখা হয়েছিল? তার ওপর কেন নজরদারি করা হয়নি প্রশ্ন দেখা দিয়েছে সেটি নিয়ে।
টনি অ্যবোট বলেছেন, মনিস কেন জামিন পেয়েছিলেন সরকার তা খতিয়ে দেখবে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যার ইতিহাস এত কলঙ্কিত সে কিভাবে নজরদারির বাইরে থেকে যেতে পারে। আর কিভাবেই বা তার মত একজন মানুষ দেশে অবাধে ঘুরে বেড়াতে পারে”।
“আমাদেরকে খুবই ধীরস্থিরভাবে পুরো বিষয়টি খতিয়ে দেখে এসব প্রশ্নের জবাব খুঁজতে দেখতে হবে।”
ক্যাফেতে পুলিশের জিম্মি উদ্ধার অভিযানের সময় বন্দুকধারী মনিসসহ দুই জিম্মিও নিহত হন। পুলিশী অভিযানের তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে।মনিসের উদ্দেশ্য কি ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।
