মৃত্যুদণ্ড কার্যকরের ১৮ বছর পর জানা গেল তিনি নির্দোষ
ধর্ষণ ও হত্যার দায়ে মৃতুদণ্ড পাওয়া এক চীনা তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করার ১৮ বছর পর তাকে নির্দোষ ঘোষণা করেছে আদালত।
সোমবার দেশটির একটি আদালত পুনর্বিচারের পর হাগজিলতু (কোইসিলেতু নামেও পরিচিত ছিলেন) নামের ওই তরুণকে নির্দোষ ঘোষণা করে, জানিয়েছে এনডিটিভি।
১৯৯৬ সালে চীনের ইনার মঙ্গোলিয়া প্রদেশের ১৮ বছরের তরুণ হাগজিলতুকে বিচারে দোষি সব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়। কিন্তু নয় বছর পর ২০০৫ সালে আরেক ব্যক্তি ওই অপরাধ তিনি করেছেন বলে স্বীকারোক্তি দেন।
তাতে হাগজিলতু’র বিচারের যথার্থতা নিয়ে সন্দেহ দেখা দেয়।
“চীনা চরিত্রবৈশিষ্ট্যের” আইনের শাসনকে শক্তিশালী করতে আদালতের কাছে হাগজিলতুর পুনর্বিচার করার অনুরোধ জানান চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতারা।
এরপর আদালত এক বিবৃতিতে বলে, “হাগজিলতু’র বিচারের আসল অপরাধীকে খুঁজে পেয়েছে ইনার মঙ্গোলিয়ার সর্বোচ্চ গণআদালত।”
“হাগজিলতু নির্দোষ প্রমাণিত হয়েছেন।”
এ ঘটনায় হাগজিলতুর মা-বাবার কাছে ক্ষমা চেয়েছেন আদালতের ডেপুটি প্রেসিডেন্ট এবং ঘটনার ক্ষতিপূরণ হিসেবে ৩০ হাজার ইউয়ান (৪,৮৫০ ডলার) দেয়ার প্রস্তাব দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে ডেপুটি প্রেসিডেন্ট ক্ষমা চাচ্ছেন এমন দেখানো হয়েছে।
