ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি সিরিয়ার
সিরীয় ভূখণ্ডের দুটি এলাকায় বিমান হামলা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া।
সোমবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও ডিসেম্বর মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতি রাষ্ট্র চাদের কাছে পাঠানো চিঠিতে সিরিয়া এ আহ্বান জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “এ ধরনের আগ্রাসন সত্বেও সিরীয় ভূখণ্ডজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে চলমান লড়াই থেকে সিরিয়াকে বিরত করা যাবে না।”
“একইসঙ্গে সিরীয় আরব রিপাবলিক বিশ্ব সমাজ এবং নিরাপত্তা পরিষদকে দায়িত্ব কাঁধে নিয়ে এই বর্বর হামলার তীব্র নিন্দা করার আহ্বান জানাচ্ছে।”
“ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানাচ্ছে সিরিয়া এবং অনুরোধ করছে দেশটি যেন এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি করতে না পারে, তার জন্য জাতিসংঘের ঘোষণা অনুযায়ী যে ব্যবস্থা নেয়া যায় তা যেন গ্রহণ করা হয়।”
রোববার সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ও লেবানন সীমান্তের সামরিক শহর দিমাসে ইসরায়েলি জঙ্গি বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করে সিরিয়া।
