ইরাকে বিমান হামলা করেছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের
ইরাকে ইসলামিক স্টেটের (আইএস)অবস্থান লক্ষ্য করে ইরান বিমান হামলা চালিয়েছে, এমনটিই দাবি করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ ধরনের কোনো বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছেন।
কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানি বিমানবাহিনীর ব্যবহৃত এফ-৪ ফ্যান্টম জঙ্গি বিমান দিয়ালা প্রদেশে আইএস’র অবস্থান লক্ষ্য করে গত কয়েকদিন হামলা চালিয়েছে বলে তারা আভাস পেয়েছেন।
ইরাকের এক নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন, ইরান সীমান্তে ১০ দিন আগে এ সমস্ত হামলা চালানো হয়।
“ইরানের বিমান দিয়ালার কয়েকটি লক্ষ্যে আঘাত হেনেছে এটি সত্য। তবে সরকার একথা অস্বীকার করছে কারণ তাদের কোনো রাডার নেই”, রয়টার্সকে বলেন হিশাম আল-হাশেমি।
ব্রিটিশ এক বিশ্লেষক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আল জাজিরায় এফ-৪ ফ্যান্টম বিমানের দিয়ালায় আইএস এর ওপর হামলা চালানোর ভিডিও ফুটেজই যুদ্ধে ইরানের বিমান বাহিনীর সরাসরি জড়িত থাকার চাক্ষুষ প্রমাণ।
আইএসবিরোধী অভিযানে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ না নিয়েও এককভাবে ওই হামলা চালিয়েছে বলেই জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র রিয়ার এডমিরাল জন কিরবি এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আইএস এর ওপর হামলায় সমন্বয় করছে না। ফলে ইরাকের আকাশসীমা রক্ষার দায়িত্ব ইরাকেরই বলে জানিয়ে দেন তিনি।
