লেবাননে আটক নারী বাগদাদির স্ত্রী নয়: ইরাক
লেবানন কর্তৃপক্ষের হাতে আটক নারী আইএস নেতা আবু বকর আল বাগদাদির স্ত্রী নয় বলে জানিয়েছে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয় জানায়, আটককৃত নারী ইরাকের দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তির বোন।
মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান রয়টার্সকে বলেন, “লেবানিজ কর্তৃপক্ষ যাকে আটক করেছে তিনি হচ্ছেন সাজা আব্দুল হামিদ আল দুলাইমি। তিনি বোমা হামলা চালানোর অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওমর আব্দুল হামিদ আল দুলাইমির বোন”।
তিনি আরো বলেন, আইএস নেতা বাগদাদির স্ত্রীদের নাম আসমা ফৌজি মোহাম্মদ আল দুলাইমি এবং ইসরা রাজব মাহেল আল-কাইসি। সাজা আল দুলাইমি নামে বাগদাদির কোনো স্ত্রী নেই।
লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা ইতোপূর্বে জানিয়েছিলেন, ৯ দিন আগে সিরিয়া থেকে লেবাননে প্রবেশের সময় সামরিক গোয়েন্দারা আইএস নেতা বাগদাদির স্ত্রী ও কন্যাকে আটক করেছে। তাদেরকে লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জিজ্ঞাসাবাদ করারে কথাও জানায় লেবানন কর্তৃপক্ষ।
সিরিয়া এবং ইরাকের বিশাল এলাকা দখল করে ইসলামিক ‘খিলাফত’ প্রতিষ্ঠা করা আইএস এর নেতা হিসাবে বাগদাদির নাম ঘোষণা করা হয় গত জুনে।
গত মাসে ইরাকের মসুলের কাছে মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন বিমান হামলায় বাগদাদির নিহত হওয়ার খবর অস্বীকার করে আইএস জঙ্গিরা। বাগদাদির একটি অডিও টেপও প্রকাশ করে তারা।
