হংকংয়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
হংকং সরকারের সদরদপ্তরের সামনে পুলিশের সঙ্গে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের সংঘর্ষের পর কয়েক হাজার বিক্ষোভকারী সদরদপ্তরটি সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য করে।
সোমবার এ ঘটনার সময় পুলিশ বিক্ষোভকারীদের ঘটনাস্থল ত্যাগ করার নির্দেশ দিলেও তারা তা মান্য করেনি।
সকালে কর্মজীবীরা অ্যাডমিরাল্টি সেন্টার নামের এই এলাকাটির কর্মক্ষেত্রে আসতে শুরু করলে বিশৃঙ্খলা শুরু হয়। এই এলাকাটিতে বহু প্রতিষ্ঠানের দপ্তর ও অনেক খুচরা দোকানপাট আছে।
কিন্তু বিক্ষোভকারী ও পুলিশের মুখোমুখি অবস্থানে শহরের অন্যতম প্রাণকেন্দ্র এই এলাকাটিতে অচলাবস্থা তৈরি হয়। এই পরিস্থিতিতে হংকংয়ের সরকারি দপ্তর ও আইনসভা এবং বহু দোকানপাট সকালে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের হটাতে পুলিশ পেপার স্প্রে ব্যবহার ও লাঠিপেটা করে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘাত ও সরকারি দপ্তর বন্ধ করে রাখার ঘটনায় গণতন্ত্রপন্থিদের অসহযোগ আন্দোলন ফের শক্তি অর্জন করছে বলে মনে করা হচ্ছে।
হংকংয়ের গণতান্ত্রিক অধিকার সম্প্রসারণ ও নির্বাচন সংস্কারে বাজেট বরাদ্দ করতে অস্বীকৃতি জানিয়েছে বেইজিং। বিক্ষোভকারীদের বেপরোয়া মনোভাবে বেইজিংয়ের এ সিদ্ধান্তজনিত হতাশাও প্রকাশ পেয়েছে।
সোমবার সকালে প্রতিবাদে বিক্ষোভে আবার ফিরে আসা জেসিকা ল্যাম (২০) বলেন, “গত রাতের সংঘর্ষের পর অ্যাডমিরাল্টি এলাকার পরিবেশ অনেক অন্যরকম মনে হচ্ছে। পরিস্থিতি খুব উত্তেজনাময় হয়ে আছে। এটি প্রতিবাদ শুরুর দিকে যেমন হয়েছিল সেরকম মনে হচ্ছে।”
